নিসচার প্রতিবেদন

সিলেটে ৫ মাসে সড়কে ১৪৯ মৃত্যু : মে মাসে ৫১

Printed Edition

সিলেট ব্যুরো

চলতি বছরের পাঁচ মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন। সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে গত মে মাসে। এই মাসে ৪২ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫১ জন। এই সময়ে আহত হয়েছেন ৬৫ জন। মে মাসে নিহত ৫১ জনের মধ্যে ২০ জনই মোটরসাইকেল আরোহী ও চালক। এপ্রিলের তুলনায় মে মাসে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যহারে বেড়েছে।

শনিবার নিরাপদ সড়ক চাই-নিসচা সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মে মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জে ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত, হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও তিনজন আহত এবং মৌলভীবাজারে পাঁচটি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও দু’জন আহত হয়েছেন।

নিসচার তথ্যানুযায়ী, ঈদযাত্রাকালীন ৯টি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিসচার গত পাঁচ মাসের প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত পাঁচ মাসে সিলেট বিভাগে ১৪১ সড়ক দুর্ঘটনায় ১৪৯ জন নিহত ও ২৫০ জন আহত হয়েছেন।

এর মধ্যে গত মে মাসে ৪২ সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হন। এর আগের মাস এপ্রিলে বিভাগে ১৯ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৫৮ জন আহত হন। এর আগে মার্চ মাসে সিলেটে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও আহত হয়েছিলেন ৪৪ জন। ফেব্রুয়ারি মাসে ৩২ সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত হন। এর আগে জানুয়ারি মাসে ২৫ সড়ক দুর্ঘটনায় ২৫ নিহত ও ৩৫ জন আহত হন।

জানা গেছে, এপ্রিল মাসে বিভাগের মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। জেলায় ৯টি দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জ জেলায় তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত ও দু’জন আহত, মৌলভীবাজার জেলায় চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও দু’জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও একজন আহত হন।

মার্চে বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ১১ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়।

ফেব্রুয়ারি মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়।

জানুয়ারি মাসে সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২৭ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন আহত, মৌলভীবাজার জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত ও হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৮১ জন আহত হন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা, জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চালকদের মধ্যে প্রতিযোগিতামূলক ও বেপরোয়া গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে।

তিনি জানান, গত মে মাসে নিহতদের মধ্যে ১৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬টি দুর্ঘটনায় ১১ জন সিএনজি ও টমটম চালক-আরোহী, ১৮টি দুর্ঘটনায় ১৮ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ৯টি দুর্ঘটনায় ৯ জন পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন উল্টে যাওয়ার ঘটনায় ৭টি দুর্ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষে ১৪টি দুর্ঘটনায় ১০ জন এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মোট নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ছয়জন নারী এবং ছয়জন শিশু রয়েছেন।