বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আগে থেকেই অনুমান হচ্ছিল এবার সব পুরস্কার জিতে নেবেন হামজা চৌধুরী। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ -সেই সব পুরস্কারই দখল করেছের জাতীয় দলের এই ইংল্যান্ড প্রবাসী তারকা ফুটবলার। গতকাল ঢাকার এক হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। হামজা অবশ্য উপস্থিত ছিলেন না। যোগ দেন অনলাইনে।

এবারের আসরে সব আলো কেড়ে নেন হামজা। নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলামকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের (স্পোর্টস পারসন অব দ্য ইয়ার) সর্বোচ্চ খেতাব। একই সাথে ক্রীড়ামোদীদের ভোটে তিনি জয় করেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। ২০২৫ সালে ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন তিনি। ট্রেবল জয়ে এবারের বিএসপিএ অ্যাওয়ার্ডে রাজত্ব করলেন এ ফুটবলার। পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। আমি, আমার পরিবার, কোচ, সতীর্থ ও বন্ধুদের এবং ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছি, সারা বছর ধরে আমাকে ও জাতীয় দলকে সাপোর্ট দেয়া জন্য।’

প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে সর্বমোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।

একনজরে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীরা

১. বর্ষসেরা ক্রীড়াবিদ : হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা (রানার-আপ), আমিরুল ইসলাম (রানার-আপ)।

২. পপুলার চয়েজ অ্যাওয়ার্ড : হামজা চৌধুরী।

৩. বর্ষসেরা ক্রিকেটার : রিশাদ হোসেন।

৪. বর্ষসেরা ফুটবলার : হামজা চৌধুরী ও নারী বিভাগে ঋতুপর্ণা চাকমা।

৫. বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম।

৬. বর্ষসেরা অ্যারচার : আবদুর রহমান আলিফ।

৭. বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় : খই খই সাই মারমা।

৮. বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় : আল আমিন জুমার।

৯. উদীয়মান ক্রীড়াবিদ : রিপন মণ্ডল (ক্রিকেট)।

১০. বর্ষসেরা কোচ : পিটার বাটলার (নারী ফুটবল)।

১১. বর্ষসেরা আম্পায়ার : সেলিম লাকী (হকি)।

১২. বর্ষসেরা সংগঠক : কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (অ্যারচারি)।

১৩. তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব : আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।

১৪. বিশেষ সম্মাননা : শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)।

১৫. সেরা পৃষ্ঠপোষক : প্রাইম ব্যাংক পিএলসি।

১৬. সক্রিয় ফেডারেশন : বাংলাদেশ কাবাডি ফেডারেশন