অভিনেতা দিলু মজুমদার আর নেই

Printed Edition

সাংস্কৃতিক প্রতিবেদক

মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার। বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

তার ঘনিষ্ঠরা জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এই অভিনেতার মৃত্যু হয়।

চিকিৎসকারা জানান, এটা ম্যাসিভ হার্ট অ্যাটাক। তার হার্ট ব্লক হয়ে যাওয়ায় তিনি মারা যান। তার মৃত্যুতে নাট্য অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

অভিনয়ে দিলু মজুমদারের প্রায় তিন যুগের ক্যারিয়ার। আরণ্যক নাট্যদলের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। পরে তিনি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন। চলতি মাসের প্রথম দিনেও ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনীতে অভিনেতা দিলু মজুমদার অভিনয় করেন। এই নাটকের শুরু থেকে সবগুলোতেই দিলু অভিনয় করেছেন।

দিলু মজুমদারের প্রথম নামাজে জানাজা গতকাল জোহরের নামাজের পর এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের (কার্গো পার্কিং) সামনে অনুষ্ঠিত। এই সংগঠনের তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া দ্বিতীয় জানাজা হয় বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে। অভিনেতার ছেলে দেশে পৌঁছানোর পরে আজ শুক্রবার তাকে উত্তরাতেই দাফন করা হবে।