নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সদস্যসচিব মোহাম্মদ মহিউদ্দিন।
তিনি জানান, সৈয়দ জয়নুল আবেদীন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার বিদ্যমান সমস্যা সমাধানে ব্যাপকভিত্তিক কার্যক্রম গ্রহণ করেন। এসব জনকল্যাণমুখী কার্যক্রমে ঈর্ষান্বিত একটি কুচক্রী মহল সংসদ সদস্যের সুনাম নষ্ট করতে বিভিন্ন ফেসবুক আইডি থেকে মিথ্যা সংবাদ প্রচার করছে। এরই ধারাবাহিকতায় অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে আটক করেছে। নেতৃবৃন্দ এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরের মুক্তির দাবি জানান।
তিনি জানান, সম্প্রতি কদমতলী শিল্প এলাকায় পতিত আওয়ামী লীগের দোসর মো: হাসান ও সাজিদুর রহমান মাহিন (শুটার মাহিন) সন্ত্রাসী ও চাঁদাবাজি নিজ-নিজ নিয়ন্ত্রণে রাখতে রাজনৈতিক খোলস পরিবর্তন করে এলাকায় আধিপত্য বিস্তার করছে। তারা বর্তমানে সরকার দলীয় প্রভাবে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবারি করছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে তাদের নাম রয়েছে। হাসান ও শুটার মাহিনের অভ্যন্তরীন কোন্দলের সাথে স্থানীয় এমপি সৈয়দ জয়নুল আবেদীন ও তার ভাগ্নে মেরিন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করে তাদেরকে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানির নিকৃষ্ট প্রচেষ্টা চালানো হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো: মহিউদ্দিন বলেন, যে মামলায় আসাদুজ্জামান সাব্বিরকে আটক করা হয়েছে ওই মামলার প্রধান আসামি এবং বাদিকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা উম্মোচিত হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, কেন প্রশাসন অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মাহিনকে আটক করছে না।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা-৪ আসন কমিটির পরিচালক ও আব্দুর রহিম জীবন, কদমতলী পূর্ব থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ও কদমতলী দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ।



