নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট, লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। গতকাল সচিবালয়ে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রবাসী ভাইদের সব ধরনের সুবিধা নিশ্চিতে আমরা উদ্যোগ নিয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট দেবে। আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করেছি। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল মোটেলগুলোতেও আমরা প্রবাসীদের জন্য বিশেষ ছাড়ের কথা ভাবছি। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের জন্য প্রায়োরিটি চেক ইন ও বোর্ডিং সুবিধা দেয়ার ব্যবস্থাও গ্রহণ করা হবে। এসব সুবিধা মিলবে সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে।
সভার শুরুতে সরকারের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক।



