তানজিদ-রিশাদও পাকিস্তান গেলেন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে গতকাল উড়াল দিলেন তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন। পিএসএলে বাংলাদেশের ছয় ক্রিকেটারের মধ্যে আগের দিন চারজন গিয়েছেন। বহরে ছিলেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। কাটার মাস্টারকে আগেভাগেই সরাসরি চুক্তিতে দলে নেয় লাহোর কালান্দার্স। পরে একই দলে যোগ দেন ইমন। জালমি দলে জায়গা করে নেন নাহিদ ও শরীফুল। বিসিবি ১২ এপ্রিল পর্যন্ত তাদের এনওসি দিয়েছে। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ফিরতে হবে তাদের।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের ফ্লাইটে যাত্রা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমেই রিশাদের সঙ্গে ছবি পোস্ট করে তামিম লিখলেন, ‘এখন পিএসএলে অংশ নেয়ার সময়।’

রিশাদের গন্তব্য পিন্ডিজ, যারা এবারই প্রথম পিএসএলে নাম লেখাতে যাচ্ছে। লেগস্পিনার রিশাদের সামনে সুযোগ নিজেকে বড় মঞ্চে প্রতিষ্ঠা করার। রিশাদ নিজের আত্মবিশ্বাসী বার্তায় জানিয়ে দিলেন, ‘রাওয়ালপিন্ডিকে সঙ্গে নিয়ে পিএসএলের আসরে ঝড় তুলতে চলেছি!’

অন্য দিকে তামিমের গল্পটা কিছুটা ভিন্ন। নিলামে উপেক্ষিত হওয়ার পরও শেষ পর্যন্ত পেশোয়ার জালমির ডাকে সাড়া দিয়ে দলে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। দেরিতে হলেও সুযোগটা পেয়েছেন, আর সেটাই এখন তার জন্য সবচেয়ে বড় মঞ্চ। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পেছনে বড় ভূমিকা ছিল তার। এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ১৭৫ রান করার পরই পেশোয়ার জালমির আগ্রহ বেড়েছে কয়েক গুণ।