চট্টগ্রাম ব্যুরো
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ আজ ৭ মে। প্রতি বছর প্রকৌশলীরা সাড়ম্বরে দিবসটি উদযাপন করে থাকেন। আইইবির জন্মস্থান চট্টগ্রামে প্রতি বছরের মতো তিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে আইইবি চট্টগ্রাম কেন্দ্র।
তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তব্যে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মানজারে খোরশেদ আলম বলেন, এবারের ইঞ্জিনিয়ার্স ডেতে মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে- প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণ ও টেকসই উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, বাংলাদেশে যে সব বিষয় জনজীবনকে প্রভাবিত করে, তার বেশির ভাগই প্রযুক্তি নির্ভর এবং এসব সমস্যা নিরসন প্রকৌশলীদেরই করতে হয়।



