গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, মানবিক সঙ্কট তীব্র

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

গাজায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি হামলায় প্রায় ২৩ লাখ মানুষের মধ্যে প্রায় ২০ লাখই বাস্তুচ্যুত হয়েছেন। অঞ্চলটির ৯০ শতাংশেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও ন্যূনতম জীবনযাপনের সুযোগ মারাত্মকভাবে সঙ্কুচিত হয়েছে। গ্রীষ্মের তীব্র গরমের মধ্যে অস্থায়ী তাঁবুতে থাকা ফিলিস্তিনিরা পানিসঙ্কট, মশা, ইঁদুর ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবে চরম দুর্ভোগে পড়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

চার সন্তানের মা মুনা আবু আতায়া বলেন, তাঁবু বসবাসের উপযোগী নয়। প্রচণ্ড গরমে শিশুরা রাতে ঘুমাতে পারে না, আবার গোসলের জন্যও নিয়মিত পানি পাওয়া যায় না। অন্য দিকে উত্তর গাজার বেইত লাহিয়ার বাসিন্দা হাফসা সাঈদ মারুফ জানান, প্রতি তিন-চার দিনে একবার পানি আসে। ইঁদুর খাবার নষ্ট করে এবং মশার কারণে রাতে ঘুমানো কঠিন হয়ে পড়ে। নুসেইরাত শরণার্থী শিবিরের আল-আওদা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা: রামি ওয়ালিদ আবদুল্লাহ আল-শাইয়াহ বলেন, দূষিত পরিবেশ, নিরাপদ খাবার ও পানির অভাব এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে চর্মরোগ, অ্যালার্জি ও স্ক্যাবিসসহ নানা রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি সহায়তার আহ্বান জানান।

হামলা অব্যাহত, শিশুদের সুরক্ষায় পদক্ষেপ আহ্বান ইউনিসেফের

গাজায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, গাজা শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেইত লাহিয়ায় গুলিতে এক নারী গুরুতর আহত হয়েছেন এবং জেইতুন এলাকায় ড্রোন হামলায় আরো দু’জন আহত হয়েছেন। জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধবিরতির আট মাস পরও গাজা গভীর অনিশ্চয়তা ও মানবিক দুর্ভোগের মধ্যে রয়েছে।

পশ্চিমতীরে ইসরাইলি অভিযান ও বসতি সম্প্রসারণ

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত আট ফিলিস্তিনিকে আটক করেছে। ফিলিস্তিনি বন্দী গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, রামাল্লাহ, হেবরন ও কালকিলিয়াসহ বিভিন্ন শহরে বাড়িঘরে তল্লাশি চালিয়ে সম্পদ নষ্ট করা হয়েছে। এ দিকে সালফিত শহরের কেফর আদ-দিক এলাকায় নির্মাণাধীন ১৫০ বর্গমিটারের একটি ফিলিস্তিনি বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। একই সময়ে হেবরনের আল-ফাওয়ার শরণার্থী শিবিরে অভিযানের সময় গুলিতে দুই তরুণ আহত এবং তিনজন আটক হন।