সিলেট ব্যুরো
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত গ্র্যান্ড সুলতান টি-রিসোর্ট অ্যান্ড গলফ হোটেলকে পরিবেশগত শর্ত ভঙ্গের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এ ছাড়া সিলেট বিভাগের আরো ১২ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট চার লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
গত সোমবার রাতে পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরিবেশ সংরণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ১৩টি প্রতিষ্ঠানকে মোট চার লাখ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।নিত্যদিনের বর্জ্য ও বর্জ্যপানি দূষণমুক্ত করতে এসটিপি (স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) না থাকায় গ্র্যান্ড সুলতান টি-রিসোর্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে পরিবেশগত ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে স্টার পোরসেলিন লিমিটেডকে দুই লাখ এবং ম্যাটাডোর প্লাস্টিক অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশগত ছাড়পত্র না থাকা বা সময়মতো নবায়ন না করায় আধুনিক ডায়াগনস্টিক সেন্টার, হেলদি চয়েজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, নিউ অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নোভা মাল্টিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সিটি আই কেয়ার হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার, নিরাময় ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, লাইফ লাইন ব্লাড ব্যাংক, মেডিসিটি বিয়ানীবাজার, ছাতকের মো: আলী আলম পরিচালিত স’মিল এবং সিলেট গ্যাস্ট্রোলিভার হসপিটালকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।



