মা-মেয়েসহ বিভিন্ন স্থানে নিহত ১৪

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ ১৪ জন নিহত হয়েছেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত ও অপর চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন : পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নুর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪২) ও মেয়ে নুসরাত জাহান (৪)। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুজুড়ির জেসমিন আক্তার, তার মেয়ে নুসরাত জাহান, নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম ও এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম সোমবার দুপুর ১২টার সময় চৌদ্দগ্রাম বাজারে পারিবারিক কেনাকাটা শেষে নাটাপাড়ার নিজাম উদ্দিনের অটোরিকশায় উঠে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় উল্টোপথে যাওয়ার সময় কে কে ট্রাভেলসের একটি বাসের (ঢাকামেট্রো-ব-১২-৩৩৫৯) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন অটোরিকশা যাত্রী বালুজুড়ির জেসমিন আক্তার।

আহত হন অটোরিকশাচালক নিজাম উদ্দিনসহ অপর পাঁচজন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেয়া হয়েছে। অপর দিকে গুরুতর আহত নুসরাত জাহান কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা যায়।

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির ট্রাকের চাপায় এক মাদরাসার প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফতেহপুর ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) দুপুরে স্ত্রী তামান্না রহমান (৪৫) এবং দুই মেয়ে নিয়ে চৌমুহনীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বের হন। পরে নোয়াখালী-ফেনী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল ফতেহপুরীর মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় গতকাল দু’জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন হলেন মাছবাহী পিকআপের চালক শামীম, তার বাড়ি যশোর জেলায়। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ড-১৪-২৮২৩ নম্বরের একটি পিকআপ গাছের চারা নিয়ে ঢাকামুখী লেনে যাচ্ছিল। আতাদী এলাকায় পৌঁছালে গাড়িটির চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক গাড়িটি হঠাৎ থামিয়ে দিলে পেছনে থাকা ঢাকা মেট্রো-ড-১১-৮৫৫২ নম্বরের মাছবাহী পিকআপের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মাছবাহী পিকআপের চালক শামীম ঘটনাস্থলেই নিহত হন। তার সাথে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোস্তাকিম কামাল তামিম ( ২৩) ও শওকত হাসান রিয়াজ (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া থেকে শিক্ষার্থী তামিম সিএনজি গাড়ি করে লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসায় যাওয়ার পথে রুফটপ রেস্টুরেন্টের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে পৃথক আরো একটি সড়ক দুর্ঘটনা ঘটে। চকরিয়া উপজেলার কে বি জালাল উদ্দিন সড়কের (চকরিয়া-বদরখালী সড়ক) সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত শওকত চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশায় ইঞ্জিনচালিত ভটভটি ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তাইজুল ইসলাম (৭০) নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী ও সুলতান হোসেন (৬০) নামে ভ্যানচালক নিহত হয়েছেন। এ ছাড়া নাসিমা বেগম (৬৫) নামে এক নারী আহত হয়েছেন। নিহত তাইজুল ইসলাম জনতা ব্যাংক পোরশা শাখার অবসরপ্রাপ্ত কর্মচারী ও নিতপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত মজিবর রহমান ও ভ্যানচালক সুলতান হোসেন সুতরইল এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে। জানা গেছে, রোববার সন্ধ্যায় তাইজুল ইসলাম চার্জার ভ্যানে নিতপুরের দিকে যাওয়ার সময় সুতরইল মোড়ে পৌঁছলে অপর দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানের আরোহী দু’জন ও ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাইজুলকে মৃত ঘোষণা করেন। অপর দিকে সুলতান ও নাসিমাকে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় সুলতান হোসেন মারা যায়।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় ট্রলি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মঞ্জুরুল ইসলাম বাবু (২৭) নিহত হয়েছেন। এ ছাড়া ট্রলিতে থাকা চার শ্রমিক আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুর বাড়ি সাতক্ষীরা জেলা সদরে। তার পিতার নাম হাশেম আলী।

এ ছাড়া আহতরা হলেন- নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আমজেদ আলীর ছেলে ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের জামির মোল্যার ছেলে হুসাইন (১৮), জালালের ছেলে আকাশ (১৮) ও একই গ্রামের আকাশ খান (২১)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সোমবার সকালে তালতলা ঘোষবাড়ি এলাকায় দ্রুতগামী ট্রলি ও পিকআপের মুখোমুখি সংঘর্ঘ হয়। সংঘর্ষে দু’টি গাড়টি দুমড়ে-মুচকে সড়কের পাশে পড়ে যায়।

এ সময় পিকআপের হেলপার বাবু ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন ট্রলিতে থাকা শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসেন।

বগুড়া অফিস জানায়, বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন। সোমবার সকালে শাজাহানপুর উপজেলার বনানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিটুল (৩৭) সোনাতলা থানার ভেলরুপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে। তিনি এ বি ডিলাক্স যাত্রীবাহী বাসের হেলপার ছিলেন।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শাহিন আলম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন আলম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার মো: আবুল হোসেনের ছেলে।

মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা জানান, মহেশখালীর মধুয়ারডেইল এলাকায় মোটরসাইকেল ও মিশুক গাড়ির সংঘর্ষে শাকের উল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাকের উল্লাহ ছোট মহেশখালী ডেইলপাড়ার আবুল কালামের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মিশুক গাড়ির সাথে সংঘর্ষ হয়।

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, খাগড়াছড়ির রামগড়ে চাকা বিস্ফোরণের পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেক বাসের খোলা ডালার ধাক্কায় শাহআলম (৩৬) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

সোমবার ভোররাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের চাষীনগর এলাকার জালিয়াপাড়া-রামগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহআলম খাগড়াছড়ি সদর থানার শান্তিনগর এলাকার বাসিন্দা।

রামগড় থানা পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসের চাকা বিস্ফোরিত হলে সেটি রাস্তার পাশে থামানো হয়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন জালিয়াপাড়া দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি এসি বাসের খোলা ডালা তাদের ধাক্কা দেয়। এতে শাহআলম ঘটনাস্থলেই মারা যান। আহত জোনায়েদ (২৫) ও রুবেল কর্মকারকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।