রোহিঙ্গাশিবিরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সঙ্কট

Printed Edition

কক্সবাজার অফিস

বৈশ্বিক বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে রোহিঙ্গা সঙ্কট আন্তর্জাতিক অঙ্গনে চাপা পড়ছে (গুরুত্ব হারাচ্ছে) বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ববাসীর জন্যও একটি গুরুত্বপূর্ণ ও বাস্তব সঙ্কট। প্রত্যাবাসন বাস্তবায়ন করতে মিয়ানমারের সব পক্ষের সাথে আলোচনা করে যাচ্ছে বাংলাদেশ।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) কার্যালয়ে আইনশৃঙ্খলাবাহিনী, এনজিও ও আইএনজিও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, শরণার্থীশিবির পরিদর্শনকালে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, খাদ্যসরবরাহ, নিরাপত্তাব্যবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেয়া হয়েছে। তিনি জানান, বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের অর্থনীতি ও জনসংখ্যার ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে। তবুও বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে এই জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আমলে দুই দফায় সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়েছিল।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত খারাপ। তবে বিএনপি সরকার রোহিঙ্গাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে বদ্ধপরিকর। তিনি বলেন, আমরা চাই তারা তাদের দেশে ফিরে গিয়ে নিরাপদে বসবাস করুক, কাজ করে জীবিকা নির্বাহ করুক এবং তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পাক।