সফট ডিসমিসালে অনেক উইকেট হারিয়েছি : বাবর আজম

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-পাকিস্তান সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তানি তারকা বাবর আজম। উইকেট এবং ইনিংস নিয়ে বললেন, ‘সত্যি বলতে উইকেট অনেক ভালো। বল খুব ভালো ব্যাটে আসছে। আমরা পার্টনারশিপ গড়তে পারিনি। তবে শুরুটা ভালো করেছিলাম। আমি ও আগা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছিলাম। তবে বেশি বড় হয়নি। বোলিংও ভালো ছিল তবে আমরা সফট ডিসমিসালে অনেকগুলো উইকেট বিলিয়ে দিয়েছি।’

নাহিদ রানার প্রশংসায় বলেন, ‘লাল বলের ক্রিকেটে সে অন্যতম গতিময় বোলার। পিএসএলে সে আমার সতীর্থ ছিল। সে খুবই মেধাবী। ওর গতি- আউটস্ট্যান্ডিং। নিয়ন্ত্রণ ভালো। তার ভবিষ্যতের জন্য শুভকামনা। প্রতি দলেই ১৪০-১৫০ কিমি গতির বোলার থাকে। তাই এসব সামলাতে হবে।’ তিনি যোগ করেন, ‘আমিও চেষ্টা করছি নিজের সেরাটা, নিজের স্বাভাবিক খেলাটা খেলার। মাঝে মধ্যে সফল হবেন, কখনো আউট হয়ে যাবেন। তবে টার্নিং পয়েন্টটা হলো আমার ও সালমানের উইকেট। এরপর আর পার্টনারশিপ হয়নি। এই দুটো উইকেটই মোমেন্টাম বদলে দিয়েছে। টেস্টে ভালো করতে বড় দু-তিনটি পার্টনারশিপ লাগে।’

নিজেদের সমালোচনা বাবর বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরো দায়িত্ব নিতে হবে। আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারাচ্ছি। একটি পার্টনারশিপ ভাঙলে আরো অনেক উইকেট চলে যাচ্ছে। এই বিষয় নিয়ে কাজ করছি। আমরা প্রতিটি সিরিজেই জিততে চাই, প্রতিটি ম্যাচ জিততে চাই। সবখানেই জয়ের জন্য যাই। পারফরম্যান্স আসছে, তবে আশানুরূপ হচ্ছে না। এত ক্যাম্প হয় তো প্রস্তুতির জন্যই। সামনে তিন মাসের ক্যাম্প হবে।’