অসহায় পরিবারের মধ্যে দোস্ত এইডের খাদ্যসহায়তা বিতরণ

Printed Edition

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের বেলকুচিতে পাঁচ শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। গতকাল বুধবার সকালে ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্যসহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিটি ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, পাঁচ লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, লবণ ও প্রয়োজনীয় মসলাসহ প্রায় ৪৫ কেজি খাদ্যসামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। প্রধান আলোচক ছিলেন দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নজাবত হোসেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল ও এনটিভি অনলাইন রিপোর্টার রফিক মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা দোস্ত এইডের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ খাদ্যসহায়তা তাদের পরিবারের কষ্ট অনেকটাই লাঘব করবে।