চট্টগ্রাম ব্যুরো
আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের কাছে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের গ্রাহকরা। গত কয়েক দিনের টানা কর্মসূচির অংশ হিসেবে তারা এ বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেন। পরে তারা নিউ মার্কেট এলাকায় কর্মসূচি পালন করেন।
বুধবার সকালে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। দীর্ঘদিন ধরে এসব ব্যাংকের গ্রাহকেরা ‘হেয়ার কাট’ (মুনাফা কেটে রাখা) নীতি বাতিল এবং স্বাভাবিক লেনদেন চালুর দাবিতে আন্দোলন করে আসছেন। বিক্ষোভে অংশ নেয়া গ্রাহকরা জানান, তারা কষ্টার্জিত অর্থ ফেরত চাইছেন, কিন্তু তাদের ‘দুষ্কৃতকারী’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এ সময় অনেক আমানতকারী দীর্ঘদিন ব্যাংক ঘুরেও টাকা তুলতে পারছেন না বলে অভিযোগ করেন।
একপর্যায়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এতে তিনটি দাবি উত্থাপন করা হয়, আমানত ফেরতের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা, মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকা।



