ফাইনালে হারা চেলসির নতুন কোচ আলোনসো

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনালে ০-১ গোলে হারের পরদিন নতুন কোচের নাম ঘোষণা করেছে চেলসি। চার বছরের জন্য রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জাবি আলোনসোকে নিয়োগ দিয়েছে ইংলিশ ক্লাবটি।

স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি গতকাল জানিয়েছে, আলোনসোর সাথে চার বছরের চুক্তি করেছে তারা। আগামী ১ জুলাই দায়িত্বের মেয়াদ শুরু হবে আলোনসোর। চেলসির মালিকানা পরিবর্তনের পর পঞ্চম স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে স্প্যানিশ এই কোচ। আগের চারজন ছিলেন গ্রাহাম পটার, মাউরিসিও পচেত্তিনো, এঞ্জো মারেস্কা ও লিয়াম রোসেনিও। গত মাসে তাকে ছাঁটাই করার পর অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ করছেন ক্যালাম ম্যাকফারলেন।

কোচ হিসেবে বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুজেনে সাফল্যমণ্ডিত অধ্যায় শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন আলোনসো। কিন্তু তার কোচিংয়ে ভালো করতে পারেনি ইউরোপের সফলতম ক্লাবটি। পরে গত জানুয়ারিতে তার সাথে চুক্তি বাতিল করে মাদ্রিদের ক্লাবটি।