কেন্দুয়ায় মাদকের বিস্তার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

Printed Edition

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। বিভিন্ন সূত্রের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায় মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্যের ব্যবহার ও কারবার বৃদ্ধি পাওয়ায় সামাজিক অস্থিরতা এবং পারিবারিক সঙ্কট বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়স ও পেশার মানুষ মাদকের সাথে জড়িয়ে পড়ছেন। নেশার অর্থ জোগাড় করতে অনেকেই চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

এলাকাবাসীর মতে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কিছু মাদক কারবারি গ্রেফতার হলেও মাদক কারবারের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তারা বিভিন্ন কৌশলে মাদক সরবরাহ ও পাচার কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু খুচরা কারবারি নয়, এর সাথে জড়িত মূল সিন্ডিকেট সদস্যদেরও আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, মাদক কারবারের সাথে জড়িত যেই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।