টাইমস অব ইন্ডিয়া
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, দেশের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কোনো ‘ক্ষমা’ পাওয়ার প্রয়োজন নেই, বরং প্রধানমন্ত্রীরই উচিত তাদের নিকট ক্ষমা চাওয়া। চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমে নিট পরীক্ষার ফলের জের ধরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারবর্গের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
সন্তানহারা পিতামাতার কান্নার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, প্রতিটি তরুণ প্রাণ ঝরে পড়ার অন্তরালে একটি পরিবারকে সারা জীবনের জন্য শোকের বোঝা বইতে হয়। এ সময় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল ও বছরের পর বছর ধরে করা প্রস্তুতি মুহূর্তের মধ্যে ভণ্ডুল হয়ে যাওয়াকে দেশের সার্বিক ভঙ্গুর শিক্ষাব্যবস্থার বহিঃপ্রকাশ বলে তিনি আখ্যায়িত করেন। তার অভিযোগ, একটি অন্যায় পরিকাঠামো বহাল রেখে তরুণ প্রজন্মের কাছ থেকে সততা আশা করা একপ্রকার প্রতারণা। উল্লেখ্য, পরীক্ষার্থীদের প্রতি নরেন্দ্র মোদির করা ‘ক্ষমা’ সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই রাহুলের এই কড়া প্রতিক্রিয়া। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত¡না দিতে প্রধানমন্ত্রী কোনো ইতিবাচক ভূমিকা নেননি বলেও তিনি অভিযোগ তুলেছেন। ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এই অবর্ণনীয় যন্ত্রণা অনুধাবনে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে কংগ্রেসের এই শীর্ষ নেতা মনে করেন।



