রাঙ্গুনিয়ায় স্কুল কমিটিতে বিতর্কিত ব্যক্তি নয় : হুমাম কাদের চৌধুরী

Printed Edition

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের স্থান না দেয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। একইসাথে বছরের শেষ নাগাদ উপজেলার প্রতিটি স্কুলে আইসিটি ল্যাব স্থাপনের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের আশাবাদ করেন তিনি।

গতকাল সোমবার রাঙ্গুনিয়া উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।

স্কুল পরিচালনা কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘রাঙ্গুনিয়ার অনেক যোগ্য মানুষ, এমনকি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও স্কুল কমিটিতে আসতে চান, কিন্তু তারা সামাজিক সম্মানহানির ভয়ে পিছিয়ে যান। দেখা যায়, একাধিক মামলার আসামিকে স্কুলের সভাপতি করে রাখা হয়েছে। এটি আর চলতে দেয়া যায় না।’

সভাপতির বক্তব্যে ইউএনও মো: নাজমুল হাসান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলা ও মানোন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।