বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬

গ্রুপ-এ - গ্রুপ-বি

  • বাংলাদেশ - ভারত
  • শ্রীলঙ্কা - মালদ্বীপ
  • ভুটান - পাকিস্তান

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হতে পারেনি নেপাল। ফলে তাদের বাদ দিয়েই গতকাল অনুষ্ঠিত হয়েছে নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র। ভুটানের রাজধানী থিম্পুতে সাফের এজিএমের সময় অনুষ্ঠিত হয় সাফের ড্র। এতে ‘এ’ গ্রুপের দল হিসেবে বাংলাদেশর নাম উঠান সাফ সেক্রেটারি নেপালের পুরুষোত্তম কাট্টাল। গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্য দিকে ‘বি’ গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

৪-১৭ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফের ১৫তম আসর। নেপাল যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হতে পারে তাহলে তারা সাফে খেলতে পারবে। তখন তারা পড়বে ‘এ’ গ্রুপে। অর্থাৎ বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেপালীরা।

গত সাফেও বাংলাদেশের গ্রুপে পড়েছিল ভুটান। সে ম্যাচে বাংলাদেশ তাদের ৩-১ গোলে হারিয়েছিল। ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত গত সাফে অতিথি দল ছিল। সেই দুই অতিথি দল লেবানন এবং কুয়েতের কাছে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে লেবাননের কাছে ০-২ গোলে এবং সেমিতে কুয়েতের কাছে ০-১ গোলে হেরেছিল জামাল ভূইয়ারা। এবারের সাফে আর রাখা হয়নি অতিথি দলকে।

২০১৮ সালের পর পুনরায় সাফ হচ্ছে বাংলাদেশে। সেবার বাংলাদেশ প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও ভুটানকে হারালেও শেষ ম্যাচে নেপালের কাছে ০-২ গোলে হেরে গোল পার্থক্যে ছিটকে পড়ে। এবার বাংলাদেশ দল হামজা চৌধুরী ও জায়ান আহমেদদের উপস্থিতিতে আবার সাফ জিততে চায়। উল্লেখ্য লাল-সবুজরা একবারই সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। তা ২০০৩ সালে এই ঢাকাতেই। এবার ফের দক্ষিণ পূর্ব এশিয়ায় শ্রেষ্ঠত্ব ফিরে পেতে সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে সেপ্টেম্বরে ঢাকায় তিন জাতি ফুটবল টুর্নামেন্ট করার পরিকল্পনা বাফুফের। এ জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ শুরু করেছে বাফুফে। এই তিন জাতি ফুটবলে সাফ অঞ্চলের একটি দল থাকবে। এ ছাড়া কিরগিজস্তানও তাদের দেশে গিয়ে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বাফুফেকে। তবে লিথুনিয়ার সাথে ম্যাচ খেলার প্রস্তাবটা নাকচ হয়ে গেছে।

জানা গেছে বাংলাদেশ দলে দুই বছরের জন্য দায়িত্ব পাওয়া যুক্তরাস্ট্রের কোচ টমাস ডুলিই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ খুঁজছেন। আগে ন্যাশনাল টিমস কমিটি এই যোগাযোগের কাজটি করলেও এখন কোচই এই কাজে ব্যস্ত।