ক্রীড়া প্রতিবেদক
মাঠের বাইরে কয়েক দিন ধরেই উত্তেজনা। মোহামেডান খেলবে না বসুন্ধরা কিংসের মাঠে। ফলে ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপের ফাইনাল এক দিন পেছাতে হলো। একই ভেনুতে খেলা আয়োজনে বাফুফে দুই দলের সাথে বসে। এরপর জরুরি সভা। মোহামেডান সংশ্লিষ্টদের কঠোর নিরাপত্তা দেয়ার আশ্বাস। সব মিলিয়ে বসুন্ধরা কিংস এরিনাতেই গতকাল হলো ফেডারেশন কাপের ফাইনাল। মাঠের বাইরের মতো ময়দানী লড়াইয়েও ছিল উত্তেজনা আর প্রবল প্রতিদ্বন্দ্বিতা। এই চিত্তাকর্ষক ম্যাচে নায়ক ডরিয়েলটন গোমেজ। এই ব্রাজিলিয়ানের হ্যাটট্রিকে দুই দফা পিছিয়ে পড়েও ৩-২-এ ম্যাচ জয় মাহাবুব হোসেন রক্সি ও সৈয়দ গোলাম জিলানীর দলের। এতে ফুটবলার ডরিয়েলটনের মতো ক্লাব বসুন্ধরা কিংসও হ্যাটট্রিক করেছে। তাদের দখলে টানা তিন ফেডারেশন কাপের শ্রেষ্ঠত্ব। আর বসুন্ধরা কিংস ফের ট্রেবল জিতল ঘরোয়া ফুটবলে। মৌসুম শুরুর চ্যালেঞ্জ কাপে এই মোহামেডানকে হারিয়েই ট্রফি জয়। এরপর বাংলাদেশ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর ফেডারেশন কাপেও ট্রফি হাতে নেয়া। বসুন্ধরা কিংস এর আগে ২০২৩-২৪ সালে লিগ , ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জিতেছিল। অন্য দিকে এবার কোনো ট্রফি জয় ছাড়াই সিজন শেষ করতে হচ্ছে মোহামেডানকে।
ফেডারেশন কাপ জয়ে দলের সাফল্যের সাক্ষী হতে ঢাকঢোল নিয়ে মাঠে হাজির দুই দলের সমর্থকরা। গ্যালারিতে ছিল মোহামেডানের অন্তঃপ্রাণ সমর্থকব মরহুম আতাউর রহমানের (আতা ভাই) বিশাল ছবি। ম্যাচে উভয়দলের সমর্থকরাই উল্লাসে মেতে উঠতে পেরেছিল। তবে শেষ বিজয়ের হাসি কিংস আর্মিরাই করেছে। অথচ দুই দফা এগিয়েও সাদা কালো শিবিররা চ্যাম্পিয়নশিপের আনন্দ করতে পারেনি।
সেট পিচের জন্য বিখ্যাত উজবেকিস্তানের মিডফিল্ডার মোজফফরভ। ম্যাচর ৫ মিনিট বয়সে তার দুর্দান্ত ফ্রি-কিকেই এগিয়ে যায় মোহামেডান। তবে মতিঝিল ক্লাবপাড়ার দলটির এই উল্লাস ১ মিনিটও থাকেনি। পরের মিনিটেই পেনাল্টি থেকে খেলায় সমতা বসুন্ধরার। বক্সে ফাউল থেকে সৃষ্ট স্পট কিকে সুজন হোসেনকে পরাস্ত করেন ডরিয়েলটন। ১৫ মিনিটে মোজাফফরভের শট পোস্ট ঘেঁষে যায়। ২২ মিনিটে মোজাফফরভ পারেননি ব্যবধান দ্বিগুণ করতে। তপুর ফাউলের ফলে সৃষ্ট পেনাল্টি শট নেন এই উজবেক। কিন্তু তার শট ডান দিকে শরীর ফেলে ঠেকিয়ে দেন বসুন্ধরার মেহেদী হাসান শ্রাবণ। ৩৪ মিনিটে আবার এগিয়ে যাওয়া মোহামেডানের। এবার শান্তর কাটব্যাকে ডান পায়ের শটে শ্রাবণকে বোকা বানান এবারের মৌসুমের নতুন সেনসেশন সৌরভ দেওয়ান। অবশ্য ৩৯ মিনিটে তিনি ছোট বক্সের উপর থেকেও গোল করতে ব্যর্থ হন। ইনজুরি টাইমে রাকিবের ক্রসে ডরিয়েলটনের হেড প্রতিহত হয় ক্রসবারে।
১-২-এ প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধ ছিল ডরিয়েলটনের। ৫০ মিনিটে রাকিবের পাস থেকে আবার বসুন্ধরাকে সমতায় ফেরান তিনি। এরপর ৭৯ মিনিটে বসুন্ধরা কিংসের শিরোপা নিশ্চিত করা গোল। কাউন্ডার অ্যাটাক থেকে বল পেয়ে গতিতে বক্সে ঢুকে আগুয়ান সুজনের দুই পায়ের ফাঁক গলে বল জালে পাঠান ডরিয়েলটন। আসরে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। এতে ফেডারেশন কাপে টানা তিন শিরোপা জয় এবং চলতি মৌসুমে ট্রেবল জয় নিশ্চিত হলো দেশ সেরা ক্লাবটির। আর ১২ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন এই ব্রাজিলিয়ান। সেই সাথে পেলেন মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার এবং ফাইনাল সেরার পুরস্কার। সাত গোল মোহামেডানের সৌরভের।



