দ্য গার্ডিয়ান
হেনরি নওয়াক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কিছু মন্তব্য যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল বলে অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিট সুনির্দিষ্ট কোনো নাম উল্লেখ না করলেও, কূটনৈতিক এই উত্তেজনার সূত্রপাত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভ্যান্স দাবি করেন, ইউরোপের রাজনৈতিক অভিজাতদের ‘স্ব-বিদ্বেষের রাজনীতি’ এবং ‘বিপুল অভিবাসন নীতি’র কারণেই হেনরি নওয়াক আজ বেঁচে নেই।
তিনি আরো বলেন, অনেক অভিবাসী পশ্চিমা সমাজ ও নাগরিকদের প্রতি ‘বিদ্বেষপূর্ণ মনোভাব’ পোষণ করে। ভ্যান্সের এই মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ডাউনিং স্ট্রিট। প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছেন এবং রাস্তায় বিভাজন উসকে দিচ্ছেন।” নওয়াক পরিবার এই মৃত্যুকে ঘিরে কোনো ধরনের বিভাজন বা ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সেই ইচ্ছাকে সম্মান জানানোর আহ্বান জানান।
নওয়াক হত্যাকাণ্ড ও বিচার
হেনরি নওয়াককে ছুরিকাঘাতে হত্যার পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, মারাত্মক আহত অবস্থায় মাটিতে পড়ে থাকার পরও পুলিশ তাকে হাতকড়া পরাচ্ছে। হামলাকারী ভিকরাম ডিগওয়া শুরুতে নওয়াকের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুললেও, আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। আদালত তাকে ন্যূনতম ২১ বছরের কারাদণ্ডসহ যাবজ্জীবন সাজা দিয়েছেন।



