বিনোদন প্রতিবেদক
ব্যক্তি জীবনে ভীষণ সুখী এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নারায়ণগঞ্জের মেয়ে লিলিন মুন। তার স্বামী দেশের প্রখ্যাত ফটোগ্রাফার শিথিল রহমান। দু’দিন আগেই লিলিন-শিথিলের বিয়েবার্ষিকী ছিল। বিয়েবার্ষিকীতেই লিলিন তার আগামী দিনের কিছু পরিকল্পনা জানালেন। লিলিন জানান, চলতি বছর তিনি আরো মনোযোগী হবেন নিজের কিছু মৌলিক গান প্রকাশ নিয়ে। লিলিন বলেন, ‘দেশের প্রত্যেক গুণী শিল্পীদের শ্রোতা দর্শক আজো শ্রদ্ধা করেন, ভালোবাসেন এবং তাদেরই গান শুনেন তাদের কণ্ঠের শ্রোতাপ্রিয় হয়ে ওঠা কিংবা জনপ্রিয় হয়ে ওঠা মৌলিক গানের জন্য। আমরা যাদের নিয়েই কথা বলি না কেন, যেমন- শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমীন ম্যাডাম, সামিনা আপা, কনকচাঁপা আপাসহ আরো যারা আছেন তাদের প্রত্যেককেই শ্রোতা দর্শক তাদের নিজেদের গানের কারণে, ব্যক্তিত্বের কারণে ভালোবাসে। এমনকি এখনো মঞ্চে তাদের কণ্ঠে গান শুনতে চান। সেই ভাবনা থেকেই আসলে আমার ভাবা যে নিজের মৌলিক গানের প্রতি একটু মনোযোগী হওয়া উচিত। শিথিলও আমাকে এমন পরামর্শই দিয়েছে। তাই চিন্তা করছি শিগগিরই মৌলিক গান নিয়ে বিশদ কিছু পরিকল্পনা করব। শিথিলকে ধন্যবাদ যে, আমি যাই করি না কেন, আমাকে ভীষণ অনুপ্রেরণা দেয়। তার অনুপ্রেরণাই আমার জন্য অনেক বড় কিছু।’ এদিকে গত পয়লা মে বিশ্ব শ্রমিক দিবসে লিলিন গাজীপুরের একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন। আগামী দিনেও কয়েকটি স্টেজ শোতে গাইবেন তিনি। গত পয়লা বৈশাখে তিনি কুমিল্লার লাকসামের একটি বড় স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। কলকাতার ‘তোমাকে চাই’ সিনেমায় মধুরা ভট্টাচার্যের গাওয়া শ্রোতাপ্রিয় গান ‘দিন একা একা যায় চলে যায়’ গানটি কাভার সং হিসেবে গেয়েছেন লিলিন মুন। গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন শামীম হাসান। এই গানটির মিউজিক ভিডিওর দ্রুত শেষ করবেন শিথিল রহমান। লিলিন সর্বশেষ দু’বছর আগে রুনা লায়লার গাওয়া ‘চিঠি কেন আসে না’ গানটি কাভার করেছিলেন। গানটি অনুপম মিউজিকে প্রকাশিত হয়েছিল।



