রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব অনুষ্ঠানে হামলা চালিয়ে প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাঙচুরের ঘটনায় ২০ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করে গতকাল রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে নিলয় (২১) ও আমজাদ হোসেনের ছেলে রাজু মিয়াকে (১৯) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি, হাটাবো, কালনী, দাসেরকান্দীসহ আশপাশের গ্রামে পুরুষশূন্য হয়ে পড়েছে। নারী ও শিশুরা রয়েছেন আতঙ্কে।
পুলিশ জানায়, গত ৬ জুন উপজেলা এনসিপি দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসবের আয়োজন করে। এতে দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী আসার আগেই হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করা হয়। বিকেল ৩টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে হেলমেট পরিহিত ১০০-১৫০ সদস্যের একদল যুবক রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাঙচুর করে। এ ছাড়া হামলাকারীরা মঞ্চে থাকা চারটি সাউন্ডবক্স, মাইক, মাইকের ব্যাটারি ও মৌসুমি ফল লুটপাট করে নিয়ে যায়।
হামলায় আহত রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্যসচিব আল ফারাবি (২৭), যুগ্ম আহ্বায়ক রাবেয়া আক্তার (২৫), এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল রাজ (৪০), সদস্য দফতর সেল সাখাওয়াত হোসেন তারেককে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্যসচিব আল ফারাবি বাদি হয়ে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ (৩৮), সহ-সম্পাদক মারুফ মোল্লা (৩৫), মাইনুল ইসলাম সুরুজসহ (৩২) ২০ জনের নাম উল্লেখ এবং রুবেল পাশা (৩৭), শিমুলিয়া এলাকার ৮০-১০০ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় মামলা হয়েছে। এজাহার নামীয় দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনায় জড়িত নয়, এমন কাউকে পুলিশ গ্রেফতার করবে না।



