দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভারতের মানচিত্র বদলে যাবে : পাকিস্তান

Printed Edition

জিয়ো নিউজ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যেতে পারে এবং ভারত ইতিহাসের অংশে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় জিয়ো নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন খাজা আসিফ। তিনি বলেন, গত ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের সামরিক সংঘাতে ভারত পরাজয়ের মুখে পড়ে।

সেই ক্ষতি পুষিয়ে নিতে ভারতের সেনাপ্রধান এখন হারানো মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ভারতের সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে বড় ধরনের পাল্টা অভিযান চালায়। ওই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি আটটি যুদ্ধবিমান- যার মধ্যে রাফালও ছিল এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসব দাবির স্বাধীন বা আন্তর্জাতিক যাচাই এখনো প্রকাশ্যে আসেনি। প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানান তিনি।

খাজা আসিফ আরো বলেন, সাম্প্রতিক সংঘাতের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন ‘বিব্রতকর অবস্থার’ মুখোমুখি। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সাথে ভারতের আগের প্রভাবশালী সম্পর্কও দুর্বল হয়েছে। একই সাথে পাকিস্তান এই অঞ্চলে সম্মানজনক অবস্থান তৈরি করেছে। তার মতে, এই অঞ্চলে ভারতের চেয়ে শক্তিশালী কোনো রাষ্ট্রের উত্থান ইসরাইল চায় না এবং দুই দেশের কৌশলগত লক্ষ্য ও স্বার্থের মধ্যে মিল থাকতে পারে।