যুদ্ধের বিস্তৃতিতে বিশ্বজুড়ে মানবিক সহায়তা ঝুঁকিতে : জাতিসঙ্ঘ

Printed Edition

রয়টার্স

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সঙ্ঘাত বিশ্বজুড়ে মানবিক ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে সতর্ক করেছেন জাতিসঙ্ঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফেচার। গত বুধবার তিনি জানান, এই যুদ্ধের ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বিভিন্ন সঙ্কটাপন্ন অঞ্চলে ত্রাণ পৌঁছানোর গতি ধীর হয়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে ফেচার বলেন, ‘মধ্যপ্রাচ্য অঞ্চল এবং আমি মনে করি গোটা বিশ্বেই আমরা এক গুরুতর বিপজ্জনক মুহূর্তে রয়েছি।’ ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ লেবানন ও উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। এর ফলে আকাশপথ ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

ফেচার জানান, যুদ্ধের ফলে গাজা ও সাব-সাহারা আফ্রিকার দেশগুলোতে ত্রাণ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কারণ, মনবিক সাহায্য পরিবহণ করতে হয় হরমুজ প্রণালী দিয়ে কিংবা উপসাগরীয় অঞ্চলের আকাশপথ দিয়ে। যুদ্ধের কারণে দুই পথই কার্যত বন্ধ হয়ে আছে। ত্রাণ সরবরাহে বিঘেœর কারণে বিশেষ করে খরা কবলিত সোমালিয়া ও যুদ্ধবিক্ষুব্ধ সুদান চরম সঙ্কটের মুখে পড়েছে। তিনি বলেন, এই পরিস্থিতি শুধু ত্রাণ সরবরাহ কমাবে না, বরং পুরো অঞ্চলে জ্বালানি ও খাদ্যের দামও বাড়িয়ে দেবে। বর্তমান অবস্থাকে তিনি একটি ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেন।