নৃশংস হত্যাকাণ্ড যেন সমাজে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনো সন্তান তার আপন মা-বাবাকে হত্যা করছে, আবার কখনো বাবা কিংবা মা তার সন্তানকে হত্যা করছে। এমনই এক নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে ঢাকার অদূরে গাজীপুরের কাপাসিয়ায়। গত শনিবার ভোরে ফোরকান মিয়া নামে এক গাড়িচালক তার স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ফোরকান নেশাগ্রস্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।
সন্তান কিংবা মা-বাবা পরস্পরের কাছে সবচেয়ে নিরাপদ, এই প্রচলিত ধারণা এখন আর সত্য বলে বিবেচনার সুযোগ থাকছে না। এর মধ্য দিয়ে এটিই প্রমাণিত হচ্ছে যে, সমাজ দিন দিন অসুস্থ ও বিকারগ্রস্ত হয়ে পড়ছে।
প্রতিটি সমাজের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, যা সমাজকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করে। সেটি হলো নিজস্ব মূল্যবোধ। বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার সেই মূল্যবোধই ছিল সুস্থ ও সুন্দর একটি সমাজের ভিত্তি। কিন্তু কালের পরিক্রমায় সেই মূল্যবোধ বিলীন হওয়ার পথে। কারণ, এই মূল্যবোধের শেকড় ছিল ধর্মীয় আদর্শ ও শিক্ষার উর্বর ভূমিতে প্রোথিত। আধুনিকতার নামে বাংলাদেশের সমাজ থেকে ধর্মীয় অনুশীলন ক্ষীয়মাণ হচ্ছে। আধুনিক শিক্ষাব্যবস্থা মানুষকে শুধু জাগতিকতা শেখায় এবং ভোগবাদী মানসিকতা গড়ে তোলে। এর মাধ্যমে মানুষ বৈষয়িক লাভক্ষতিকেই মোক্ষ ভাবে। ইন্দ্রিয়পরায়ণতা এর অনিবার্য অনুষঙ্গ। ভোগের আকাক্সক্ষা থেকে সৃষ্টি হচ্ছে নির্মম বৈষয়িক প্রতিযোগিতা। সমাজে পাহাড়সম বৈষম্যের কারণে সমাজে ধনীরা আরো ধনী হচ্ছে এবং গরিবরা আরো গরিব। ফলে হতাশা ও নৈরাশ্য একটি শ্রেণীকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াল ছোবলে সমাজ আজ ক্ষতবিক্ষত। তরুণসমাজের বড় অংশ এখন মাদকাসক্ত। মাদকের প্রভাবে বাড়ছে অপরাধপ্রবণতা।
সমাজে মানুষের প্রতি শ্রদ্ধা, দয়া, মায়া-মমতা, ভালোবাসার পরিবর্তে বাড়ছে ঘৃণা। রাজনীতিকরা এসব বিষয়ে মাথা ঘামানোর দরকার মনে করেন না। তারা ক্ষমতায় যাওয়ার পথ খোঁজেন। কিন্তু ঐতিহ্যগত মূল্যবোধের অবক্ষয়, বিচারহীনতা, গভীর সামাজিক বৈষম্য ইত্যাদি সমাজে নৈতিক শিক্ষার মূলোৎপাটন করছে। তৈরি হচ্ছে বোধশক্তিহীন একশ্রেণীর মানুষ। যারা বৈষয়িক স্বার্থ অথবা নিছক ইন্দ্রিয়পরায়ণতা থেকেই হত্যার মতো চরম অপরাধ করতে দ্বিধা করছে না।
এখন সমাজ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সমাজে নৈতিক শিক্ষাভিত্তিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। সমাজে বৈষম্যের অবসান ঘটাতে হবে। সবার সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। এটিই বাংলাদেশে সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তোলার একমাত্র উপায়।



