যুক্তি ও ওহি : দ্বন্দ্ব নয়, সমন্বয়

ইমাম গাজালি রহ. এক গুরুত্বপূর্ণ পুনঃসমন্বয়ের চেষ্টা করেন। তিনি দেখিয়েছেন, মানুষের বুদ্ধি সীমাবদ্ধ হলেও তা অকার্যকর নয়। আকল মানুষকে সত্যের দিকে নিয়ে যেতে পারে; কিন্তু ওহির আলো ছাড়া তা পূর্ণতা পায় না। তিনি দর্শনের সীমাবদ্ধতার সমালোচনা করেন; কিন্তু আকলকে বাতিল করেন না। তার বিখ্যাত রূপক হলো- আকল যেন চোখ, আর ওহি যেন সূর্যের আলো। চোখ থাকলেও আলো ছাড়া দেখা যায় না। আবার আলো থাকলেও অন্ধ চোখ উপকৃত হতে পারে না

মুসলিম উম্মাহর ইতিহাসে আকল ও নকলের সম্পর্ক নিয়ে বিতর্ক ইসলামী চিন্তার এক গুরুত্বপূর্ণ সওয়াল। মানুষের বুদ্ধি ও আল্লাহর ওহির সম্পর্কের প্রশ্ন মুসলিম সভ্যতার জ্ঞানতত্ত্ব, আইনচিন্তা, রাজনীতি, দর্শন, আধ্যাত্মিকতা এবং সভ্যতাগত বিকাশের সাথে গভীরভাবে সম্পর্কিত। আকল কি ওহির বিচারক, নাকি তার ব্যাখ্যাকারী? ওহি কি প্রশ্নহীন আনুগত্য দাবি করে, নাকি মানববুদ্ধিকে জাগ্রত ও পরিচালিত করে? ইতিহাসে এই প্রশ্ন ঘিরে মতপার্থক্য তৈরি হলেও ইসলামের জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্য একটি ভারসাম্যমূলক অবস্থান নির্মাণ করেছে। যেখানে আকল ও নকল প্রতিদ্বন্দ্বী নয়; বরং পরস্পর-পরিপূরক।

আধুনিক মুসলিম বিশ্বে এই প্রশ্নের দুই বিপরীতমুখী প্রতিক্রিয়া লক্ষ করা যায়। এক দল মনে করেন, মানুষের যুক্তিই চূড়ান্ত সত্যনির্ণায়ক; ওহি, তুরাস, ইজমা বা ঐতিহ্য কেবল ঐতিহাসিক অভিজ্ঞতা মাত্র। আরেক দল এমন আক্ষরিকতাবাদী অবস্থানে চলে যায়, যেখানে চিন্তা, বিশ্লেষণ ও বাস্তবতা-অনুধাবনের ভূমিকা প্রায় অস্বীকার করা হয়। ফলে মুসলিম চিন্তা একদিকে শিকড়হীন বুদ্ধিপূজায় আক্রান্ত হয়েছে, অন্যদিকে চিন্তাশূন্য অনুকরণের জড়তায় বন্দী হয়েছে। অথচ ইসলামের ক্লাসিক্যাল ঐতিহ্যে আকল ও নকলের সম্পর্ক কখনো টেক্সট বনাম যুক্তির সরল দ্বন্দ্ব ছিল না। উভয়ের মধ্যে ছিল হেদায়েত ও অনুধাবনের সমন্বিত সম্পর্ক।

ইসলামী জ্ঞানতত্ত্বের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হলো- সে জ্ঞানকে কেবল তথ্য (information) বা বিমূর্ত ধারণা (abstract concept) হিসেবে দেখে না। ইসলাম জ্ঞানকে দেখে এক জীবন্ত নৈতিক-আধ্যাত্মিক বাস্তবতা হিসেবে। এই কারণে ইসলামে নকল ও আকল মানবজ্ঞানকে পূর্ণতা দেয়ার অপরিহার্য দুই মাত্রা। এখানে নকল ও আকলের সম্পর্ক মূলত উৎস ও উপলব্ধির, নির্দেশনা ও বিশ্লেষণের, প্রত্যাদেশ ও অনুধাবনের।

ইসলামী পরিভাষায় নকল বলতে কেবল কিছু উদ্ধৃতি মুখস্থ করা বা পাঠ্যগত তথ্য পরিবেশনকেই বোঝানো হয়নি; বরং নকল হলো ওহির ধারাবাহিক জ্ঞান-সিলসিলা বা সভ্যতাগত জ্ঞান উত্তরাধিকারের প্রবাহ ব্যবস্থা। এতে অন্তর্ভুক্ত আছে কুরআন, সুন্নাহ, সাহাবিদের ফাহম (বোঝাপড়া), তাবেইনদের ব্যাখ্যা, ইজমা, উসুল, ফিকহ, তাসাউফ এবং শতাব্দীব্যাপী মুসলিম বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের ধারাবাহিক সঞ্চয়। অর্থাৎ- নকল একটি জীবন্ত ঐতিহ্য, যেখানে জ্ঞান শব্দে, বাক্যে ও তথ্যে সীমিত নয়; বরং তাতে যুক্ত আছে চরিত্র, নৈতিকতা, অভিজ্ঞতা, আধ্যাত্মিকতা এবং সভ্যতাগত স্মৃতির সম্মিলিত প্রবাহ। এ কারণেই ইসলামী সভ্যতায় সনদ কেবল তথ্য পরিবহনের যান্ত্রিক ব্যবস্থা নয়। সনদ হচ্ছে সত্যের বিশ্বস্ততা সংরক্ষণের এক অনন্য সভ্যতাগত কাঠামো। দুনিয়ার বহু সভ্যতায় জ্ঞান বইয়ের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। কিন্তু ইসলামী সভ্যতায় জ্ঞান সংরক্ষিত হয়েছে মানুষ, চরিত্র, শিক্ষকতা ও ধারাবাহিক সম্পর্কের মাধ্যমেও। একজন মুহাদ্দিস যখন বলেন, হাদ্দাসানা বা আখবারানা; তখন তিনি কেবল তথ্য দিচ্ছেন না; তিনি একটি জীবন্ত মানবিক শৃঙ্খলের সাক্ষ্য দিচ্ছেন, যেখানে সত্যের গ্রহণযোগ্যতা নির্ভর করছে নৈতিক বিশ্বস্ততা, স্মৃতিশক্তি, চরিত্র ও ধারাবাহিকতার ওপর। এখানে নকলের প্রক্রিয়ায় যুক্ত আছে সভ্যতাগত স্মৃতির ধারণা। প্রতিটি সভ্যতা নিজের মৌলিক সত্যগুলো সংরক্ষণ করতে চায়। ইসলামী সভ্যতায় এই সংরক্ষণ ঘটে ওহির মাধ্যমে। আল কুরআন ইসলামের ধর্মগ্রন্থ। একই সাথে কুরআন মুসলিম উম্মাহর অস্তিত্বের ব্যাখ্যা, নৈতিকতার উৎস, ইতিহাসের দিকনির্দেশনা এবং মানবজীবনের উদ্দেশ্য নির্ধারণকারী কেন্দ্রীয় সত্য। সুন্নাহ সেই সত্যের জীবন্ত ব্যাখ্যা। সাহাবিরা সেই ব্যাখ্যার প্রথম সামাজিক রূপ। আর ইজমা ও ইজতিহাদ সেই সত্যকে ইতিহাসের পরিবর্তনশীল বাস্তবতায় অব্যাহত রাখার বুদ্ধিবৃত্তিক ধারাবাহিকতা।

অন্যদিকে আকলকে ইসলামী জ্ঞানতত্ত্বে নিছক গাণিতিক যুক্তি বা গ্রিক ধাঁচের বিমূর্ত বুদ্ধিবাদ হিসেবে দেখা হয়নি। ইসলামী পরিভাষায় আকল মূলত মানুষের সেই অন্তর্দৃষ্টিসম্পন্ন ক্ষমতা। যার মাধ্যমে মানুষ সম্পর্ক নির্ণয় করে, কারণ ও ফলাফল বোঝে, বাস্তবতার স্তরভেদ উপলব্ধি করে এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে।

কুরআন বারবার মানুষকে জিজ্ঞেস করছে, আফালা তাকিলুন?

তোমরা কি চিন্তা করো না?

আবার বলা হচ্ছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা?

তারা কি কুরআন নিয়ে গভীর চিন্তা করে না?

অন্যত্র বলা হচ্ছে, সি-রু ফিল আরদ্বি ফানজুরু।

বিশ্বলোকে ভ্রমণ করো এবং পর্যবেক্ষণ করো।

এর মানে পরিষ্কার। ইসলামে আকল কোনো বহিরাগত উপাদান নয়। আকল হচ্ছে ওহির আহ্বানে জাগ্রত মানবিক শক্তি। অর্থাৎ- ওহি মানুষের আকলকে ধ্বংস করতে আসে না; বরং তাকে সঠিক দিকনির্দেশনা দেয়।

আকলের কাজ ওহির উদ্দেশ্য, হিকমাহ ও প্রয়োগ বুঝতে সাহায্য করা। যেমন- কুরআন ন্যায়বিচারের আদেশ দেয়। কিন্তু কোন সামাজিক কাঠামোতে কীভাবে ন্যায় প্রতিষ্ঠিত হবে, তা বুঝতে আকলের প্রয়োজন। কুরআন সুদ নিষিদ্ধ করে। কিন্তু আধুনিক অর্থনীতির জটিল কাঠামোয় সুদের রূপ শনাক্ত করতে বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ প্রয়োজন। কুরআন মানবমর্যাদার কথা বলে। কিন্তু প্রযুক্তি, বায়োপলিটিক্স বা ডিজিটাল নজরদারির যুগে সেই মর্যাদার সুরক্ষা কীভাবে হবে, তা উদঘাটনে আকল অপরিহার্য।

এই কারণে ইসলামী জ্ঞানতত্ত্বে ইজতিহাদ একটি কেন্দ্রীয় বিষয়। ইজতিহাদ হচ্ছে ওহির নির্দেশনাকে পরিবর্তিত বাস্তবতায় যথাযথভাবে অনুধাবন করা। এখানে আকল হলো ব্যাখ্যাকারী শক্তি, আর নকল হলো দিকনির্দেশনামূলক ভিত্তি। আকল ইতিহাস বিশ্লেষণ করে, নকল ইতিহাসের নৈতিক অর্থ নির্ধারণ করে।

পাশ্চাত্যের আধুনিক জ্ঞানতত্ত্বে রিজন ও রিলিজিওন দ্বন্দ্বমুখর। কারণ সেখানে চার্চীয় কর্তৃত্ব বহু সময় জ্ঞানচর্চাকে নিয়ন্ত্রণ করেছে। কিন্তু ইসলামী ঐতিহ্যে ওহি ও বুদ্ধিবৃত্তির সম্পর্ক মৌলিকভাবে ভিন্ন। জ্ঞানকে এখানে বিভক্ত বাস্তবতা হিসেবে দেখা হয়নি; বরং জ্ঞান হলো তাওহিদের আলোকবাহী সমন্বিত সত্য।

ইসলামে ঈমানের সূচনাবিন্দুতেও কাজ করে আকল। আল্লাহর অস্তিত্ব, তাওহিদ এবং নবুয়তের সত্যতা প্রথমে সাধারণত বুদ্ধিবৃত্তিক উপলব্ধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। মানুষ যখন মহাবিশ্বের নিয়ম, সামঞ্জস্য, গাণিতিক বিন্যাস ও কারণ-কার্য সম্পর্ক পর্যবেক্ষণ করে, তখন তার সামনে স্রষ্টার সত্য উন্মোচিত হয়। একইভাবে নবুয়তের সত্যতাও কেবল আবেগের বিষয় নয়। রাসূলের সত্যতা সমাজে প্রতিষ্ঠিত হয় মুজিজার মাধ্যমে, আর মুজিজা নিজেই এক বুদ্ধিবৃত্তিক প্রমাণ। ইসলামের সবচেয়ে বড় মুজিজা আল কুরআন। যা মূলত একটি আকলিয়া বয়ানিয়া মুজিজা; অর্থাৎ- ভাষা, অর্থ, যুক্তি ও বোধের স্তরে কার্যকর একটি চ্যালেঞ্জ।

এখানে স্পষ্ট হয় ইসলামের জ্ঞানতাত্ত্বিক সৌন্দর্য। যে আকল ওহির সত্যতা চিনতে পারে, ওহি কখনো সেই আকলকে ধ্বংস করতে চাইবে না। কারণ কোনো জ্ঞানব্যবস্থা নিজের ভিত্তিকে ধ্বংস করে টিকে থাকতে পারে না। ইসলামে আকল ও নকলের সম্পর্ক তাই গভীর স্তরে প্রোথিত।

ইসলামের প্রাথমিক যুগে এই ভারসাম্য তুলনামূলকভাবে সুসংহত ছিল। ইমাম আবু হানিফা রহ. কিয়াস, ইস্তিহসান ও রায় ব্যবহার করেছেন। ইমাম শাফি রহ. আল-রিসালাহ গ্রন্থে নকলের কর্তৃত্ব সুসংহত করলেও যুক্তির প্রয়োজন অস্বীকার করেননি। মালিক বিন আনাস রহ. মদিনাবাসীর আমলকে জ্ঞানের উৎস হিসেবে গ্রহণ করেন। যা বিশেষায়িত ইতিহাস ও সামাজিক অভিজ্ঞতার গুরুত্ব স্বীকার করে। এমনকি আহলুল হাদিসের অনেক ইমামও ফিকহুল হাদিসের মাধ্যমে গভীর বিশ্লেষণী পদ্ধতি অনুসরণ করেছেন। অর্থাৎ- ক্লাসিক্যাল জ্ঞান ঐতিহ্যে আকল নকলের প্রতিদ্বন্দ্বী ছিল না; বরং তার ব্যাখ্যাকারী ছিল, খাদেম ছিল।

কিন্তু পরে এ বিষয়ে দ্বন্দ্বের সূচনা হয়। একদিকে ছিল মুতাজিলা চিন্তাধারা। যারা বহু ক্ষেত্রে আকলকে নকলের বিচারক হিসেবে দাঁড় করায়। তাদের মতে, ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, এমনকি আল্লাহর কিছু গুণাবলিকেও মানব-আকল স্বাধীনভাবে নির্ণয় করতে পারে। ফলে তারা বহু আয়াত ও হাদিসের ব্যাখ্যা করে তাদের পূর্বনির্ধারিত যুক্তির আলোকে।

অন্যদিকে কিছু আক্ষরিকতাবাদী ধারা আকলের ভূমিকাকে প্রায় অপ্রয়োজনীয় মনে করেছিল। ফলে মুসলিম বুদ্ধিবৃত্তি দুই প্রান্তিকতার মুখোমুখি হয়। একদিকে লাগামহীন র‌্যাশনালিজম, অন্যদিকে চিন্তাশূন্য অক্ষরবাদ।

এই সঙ্কটের মধ্যে ইমাম গাজালি রহ. এক গুরুত্বপূর্ণ পুনঃসমন্বয়ের চেষ্টা করেন। তিনি দেখিয়েছেন, মানুষের বুদ্ধি সীমাবদ্ধ হলেও তা অকার্যকর নয়। আকল মানুষকে সত্যের দিকে নিয়ে যেতে পারে; কিন্তু ওহির আলো ছাড়া তা পূর্ণতা পায় না। তিনি দর্শনের সীমাবদ্ধতার সমালোচনা করেন; কিন্তু আকলকে বাতিল করেন না। তার বিখ্যাত রূপক হলো- আকল যেন চোখ, আর ওহি যেন সূর্যের আলো। চোখ থাকলেও আলো ছাড়া দেখা যায় না। আবার আলো থাকলেও অন্ধ চোখ উপকৃত হতে পারে না।

আকলের সীমা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যায় ইমাম গাজালির পূর্বসূরি ছিলেন ইমাম জুয়াইনি, ইমাম কুশাইরি, ইমাম বাকিল্লানি, ইমাম আবু মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আশয়ারি প্রমুখ। ফখরুদ্দিন রাজি এই ব্যাখ্যা আরো সংহত করেন। ইবনে খালদুন সামাজিক বিজ্ঞানসমূহের তত্ত্ব গঠন করেন। ইবনে রুশদ যুক্তির পক্ষে প্রতিরক্ষা দাঁড় করান। শাহ ওয়ালিউল্লাহ ওহি ও বাস্তবতার সম্পর্ককে সামাজিক দর্শনের ভেতরে পুনর্ব্যাখ্যা করেন।

আশআরি ও মাতুরিদি চিন্তাধারা এই মধ্যপন্থাকে মূলধারায় প্রতিষ্ঠিত করে। তাদের দৃষ্টিতে আকল ও নকলের প্রকৃত সঙ্ঘাত সম্ভব নয়; কারণ উভয়ের উৎসই আল্লাহ। সত্য ওহি এবং বিশুদ্ধ আকল পরস্পরকে বাতিল করে না। যদি কোথাও সঙ্ঘাত দেখা যায়, তবে হয় পাঠের ব্যাখ্যায় ত্রুটি আছে, নয়তো যুক্তির প্রয়োগে সীমাবদ্ধতা রয়েছে। এই ধারণাই পরবর্তীতে ইসলামী উসুলবিদ্যা ও কালামের অন্যতম মৌলিক ভিত্তি হয়ে ওঠে।

ইসলামী জ্ঞানতত্ত্বে কার্যকর সমন্বয়ের নমুনা উসুলে ফিকহ। এখানে কুরআন-সুন্নাহ মূল উৎস; কিন্তু কিয়াস, ইস্তিহসান, মাসলাহা, উরফ এবং মাকাসিদুশিশরিআহ-সবই আকলনির্ভর বিশ্লেষণী পদ্ধতি। একজন মুজতাহিদ কেবল টেক্সট উদ্ধৃত করেন না; বরং টেক্সটের অন্তর্নিহিত কারণ (ইল্লত), উদ্দেশ্য (মাকসাদ) এবং বাস্তব প্রভাব বিশ্লেষণ করেন। কিয়াসের ক্ষেত্রে দেখা যায়, একটি মূল বিধানের অন্তর্নিহিত কারণ নির্ণয় করে তাকে নতুন বাস্তবতায় প্রয়োগ করা হয়। এখানে আকলের সক্রিয় ব্যবহার ছাড়া শরিয়াহ স্থবির হয়ে যেত। আবার এই আকল লাগামহীনও নয়; কারণ তা ওহির নৈতিক ও তাত্ত্বিক সীমার মধ্যে পরিচালিত হয়। ফলে উসুলে ফিকহ মূলত আকল ও নকলের মধ্যে এক পদ্ধতিগত সেতুবন্ধন।

পরবর্তীতে ফিকহুল মাকাসিদ ও ফিকহুস সুনান ইসলামী জ্ঞানতত্ত্বে এই ভারসাম্যকে আরো গভীর করে। ইমাম শাতিবি দেখিয়েছেন, শরিয়াহর উদ্দেশ্য কেবল আক্ষরিক বিধান নয়; বরং মানুষের দ্বীন, জীবন, বুদ্ধি, বংশ ও সম্পদের সুরক্ষাও। শাহ ওয়ালিউল্লাহ দেহলভি ইতিহাস, সমাজ, রাজনীতি ও মানবপ্রকৃতির পরিবর্তনকে শরিয়াহ বোঝার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখেছেন। অর্থাৎ- ইসলামী তুরাসের পরিণত ধারাগুলো কখনো ‘টেক্সট বনাম যুক্তি’র সরল দ্বন্দ্বে আবদ্ধ ছিল না।

ইসলামী জ্ঞানতত্ত্বে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য করা হয়েছে, মাহালাতুল উকুল এবং মুহাইরাতুল উকুলের মধ্যে। প্রথমটি এমন বিষয়, যা আকলের দৃষ্টিতে সম্পূর্ণ অসম্ভব। যেমন একই বস্তু একই অর্থে একই সাথে থাকা এবং না থাকা। শরিয়ত কখনো এমন কিছু শিক্ষা দেয় না যা সুস্পষ্ট যুক্তির পরিপন্থী। কিন্তু মুহাইরাতুল উকুল হলো এমন বাস্তবতা, যা আকলকে বিস্মিত করে, যার পূর্ণ গভীরতা মানুষের উপলব্ধির বাইরে; কিন্তু যা অসম্ভব নয়। যেমন আখিরাত, ফেরেশতা, তাকদির বা আল্লাহর সিফাতের প্রকৃতি। এখানে আকল থেমে যায়; কিন্তু ওহি মানুষকে পথ দেখায়।

ইবনে রুশদ এই সম্পর্ককে অত্যন্ত গভীরভাবে প্রকাশ করেছিলেন তার বিখ্যাত উক্তিতে, আল হাক্কু লা ইয়াজাদুল হাক্কা।

অর্থাৎ- সত্য কখনো সত্যের বিরোধিতা করে না। যদি সহিহ ওহি এবং সুস্থ যুক্তির মধ্যে সংঘর্ষ দেখা যায়, তবে সমস্যা হয় যুক্তির প্রয়োগে, নয়তো পাঠের বোঝাপড়ায়। কারণ আল্লাহই আকলের স্র্রষ্টা, আবার তিনিই ওহির প্রেরক।

ইসলামী সভ্যতার ইতিহাসে দর্শন, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, ভাষাতত্ত্ব ও ইতিহাসচর্চার বিকাশ এই সমন্বিত মানসিকতারই ফল। বাগদাদ, করডোভা, নিশাপুর, বোখারা, কায়রো, দামেশকের মতো জ্ঞানকেন্দ্রগুলো জগতকে আল্লাহর আয়াত হিসেবে বোঝার প্রচেষ্টায় ছিল।

কিন্তু আধুনিক যুগে উপনিবেশবাদ, সেক্যুলার শিক্ষা ও বস্তুবাদী আধিপত্য মুসলিম সমাজকে আবারো সঙ্কটে ফেলে। একদল মনে করতে শুরু করে যে, ধর্মীয় ঐতিহ্য আধুনিক জ্ঞানের পথে বাধা। ফলে ওহিকে কেবল ব্যক্তিগত আধ্যাত্মিকতার স্তরে সীমাবদ্ধ করা হয়। অন্যদিকে প্রতিক্রিয়াস্বরূপ আরেকদল এমন এক আক্ষরিক ও প্রতিরক্ষামূলক নকলচর্চায় প্রবেশ করে, যেখানে ইতিহাস, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্ব ও সভ্যতার পরিবর্তন নিয়ে চিন্তা প্রায় অনুপস্থিত। ফলে একদিকে শিকড়হীন বুদ্ধিবাদ, অন্যদিকে চিন্তাশূন্য প্রতিক্রিয়াশীলতা।

আজ মুসলিম সমাজের একটি বড় সঙ্কট হলো- লোকেরা বিপুল সংখ্যায় তথ্যকে জ্ঞান মনে করছে, আর বিতর্ককে মনে করছে চিন্তা। যুক্তির হাত ধরে ওহি থেকে পালাচ্ছে। ওহিকে দেখছে বাস্তবতা থেকে বিমুখ থাকার আশ্রয় হিসেবে। ফলে মুসলিম উম্মাহ একই সাথে বুদ্ধিবৃত্তিক বিশৃঙ্খলা ও আধ্যাত্মিক দুর্বলতায় আক্রান্ত।

কুরআনের দৃষ্টিতে আকল ও ওহি মানুষের হেদায়েতের জন্য আল্লাহপ্রদত্ত নিয়ামত। আকল মানুষকে প্রশ্ন করতে শেখায়, আর ওহি তাকে দিকনির্দেশনা দেয়।

অতএব মুসলিম উম্মাহর পুনর্জাগরণের জন্য কেবল বুদ্ধিবৃত্তি কিংবা কেবল আক্ষরিকতার কোনোটিই যথেষ্ট নয়। প্রয়োজন এমন এক সমন্বিত জ্ঞানদৃষ্টি, যেখানে আকল হবে ওহির আলোকিত সহচর, আর নকল হবে জীবন্ত বাস্তবতায় কার্যকর হেদায়েত।

লেখক : কবি, গবেষক

[email protected]