যেকোনো বিপ্লবের সবচেয়ে কঠিন পরীক্ষাটি শুরু হয় তার চূড়ান্ত বিজয়ের পর। স্বৈরাচারী শাসনের পতন ঘটানো অপেক্ষাকৃত সহজ; কিন্তু জরাজীর্ণ রাষ্ট্রের চরিত্র বদলে ফেলে তাকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানো জটিল চ্যালেঞ্জ। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব, ১৯১৭ সালের রুশ বিপ্লব, নব্বইয়ের দশকে পূর্ব ইউরোপের গণতান্ত্রিক রূপান্তর কিংবা এক দশক আগের আরব বসন্ত, প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে, বিপ্লব-উত্তর সময়ে রাজনৈতিক ঐকমত্য, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বৈশ্বিক শক্তির প্রভাব একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণে মুখ্য ভূমিকা রেখেছে।
বাংলাদেশের ২০২৪ সালের জুলাই বিপ্লবও সেই বাস্তবতার বাইরে নয়। এই আন্দোলন কেবল দীর্ঘমেয়াদি কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটায়নি; বরং এটি রাষ্ট্রের বৈধতা, রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার জবাবদিহি এবং সাধারণ মানুষের অংশগ্রহণের অধিকার নিয়ে মৌলিক কিছু প্রশ্ন সামনে এনেছে। ছাত্র ও তরুণদের সুনির্দিষ্ট দাবিতে শুরু হওয়া এই আন্দোলন সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক অভূতপূর্ব জাতীয় গণ-অভ্যুত্থানে পরিণত হয়। তবে আন্দোলনের সেই রাজপথের উত্তাপ ও আবেগকে একটি টেকসই, নিয়মতান্ত্রিক ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রূপান্তর করাই এখন দেশের মূল চ্যালেঞ্জ।
বাংলাদেশের সামনে আজ একটিই ঐতিহাসিক প্রশ্ন, জুলাই বিপ্লব কি একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক যুগের সূচনা করবে? নাকি এটি অতীতের মতোই ক্ষমতার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, অভ্যন্তরীণ বিভাজন এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও আঞ্চলিক প্রতিযোগিতার ঘূর্ণাবর্তে পড়ে তার মূল তেজ ও লক্ষ্য হারিয়ে ফেলবে?
রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, কেবল ক্ষমতার দৃশ্যমান রদবদলকে বিপ্লব বলা যায় না। বিপ্লব তখনই কাক্সিক্ষত সাফল্য পায়, যখন রাজনীতির পাশাপাশি রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলো, বিচারব্যবস্থা, আইনের শাসন, নাগরিক অধিকার এবং সমগ্র শাসনব্যবস্থার গভীরে একটি ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন প্রতিফলিত হয়। এই মানদণ্ডে জুলাই বিপ্লবের সাফল্য মূল্যায়নের সময় এখনো আসেনি, কারণ এই রূপান্তরপ্রক্রিয়া এখনো চলমান। গণ-অভ্যুত্থানের মূল অঙ্গীকার কেবল সরকার পরিবর্তন ছিল না; বরং একটি প্রকৃত জবাবদিহিমূলক রাষ্ট্রগঠন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, রাজনৈতিক প্রভাবমুক্ত আমলাতন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করা এবং নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষিত করাই ছিল এর আসল লক্ষ্য।
রাজনৈতিক শক্তির সমীকরণ ও রাষ্ট্র সংস্কারের অগ্রাধিকার
বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে তিনটি ভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তি সমান্তরালভাবে সক্রিয়, যাদের আন্তঃসম্পর্ক ও ভারসাম্য ভবিষ্যতের রাজনীতি নির্ধারণ করবে :
ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো : দীর্ঘদিন ধরে রাজনীতিতে টিকে থাকা দলগুলোর সুসংগঠিত দলীয় নেটওয়ার্ক, ব্যাপক গণভিত্তি এবং দীর্ঘ নির্বাচনী অভিজ্ঞতা রয়েছে। দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা অপরিহার্য শক্তি।
বিপ্লব থেকে উঠে আসা নতুন প্রজন্ম : জুলাই আন্দোলনের গর্ভ থেকে উদ্ভূত তরুণ ও ছাত্র নেতৃত্ব, যারা প্রচলিত রুগ্ণ রাজনৈতিক ধারার আমূল পরিবর্তন চায়। তারা রাজনীতিতে স্বচ্ছতা, সার্বিক অংশগ্রহণ এবং গুণগত পরিবর্তনের পক্ষে সবচেয়ে সোচ্চার।
নাগরিক সমাজ ও পেশাজীবী শ্রেণী : দলীয় রাজনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরের মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী ও নীতিনির্ধারক গোষ্ঠী, যারা রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের সুনির্দিষ্ট নীতিকাঠামো তৈরিতে কাজ করছেন।
এই তিন শক্তির মধ্যে যদি কৌশলগত বোঝাপড়া ও রাজনৈতিক সমঝোতা বজায় থাকে, তবে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হবে। পক্ষান্তরে, তাদের মধ্যে পারস্পরিক অনাস্থা, দ্বন্দ্ব ও ক্ষমতার টানাপড়েন বাড়লে জাতীয় রাজনীতি আবারো দীর্ঘমেয়াদি অস্থিরতা ও অচলাবস্থার দিকে ধাবিত হতে পারে।
জুলাই বিপ্লবের দীর্ঘমেয়াদি সফলতা নির্ভর করবে রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ও টেকসই সংস্কারের ওপর। কেবল শাসক বদল নয়, রাষ্ট্র পরিচালনার মূল কাঠামোকে জবাবদিহিমূলক, নিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপ দেয়াই এই সংস্কারের প্রধান লক্ষ্য।
এ জন্য সর্বাগ্রে প্রয়োজন একটি স্বাধীন, শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই পথ কিছুটা প্রশস্ত হয়েছে। একই সাথে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করে নির্বাহী বিভাগীয় হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা পুরোপুরি ফিরে আসে।
জনপ্রশাসনকে দলীয় আনুগত্যের আবর্ত থেকে বের করে এনে যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত করতে হবে, যাতে রাষ্ট্রের সেবা সব নাগরিকের জন্য সমভাবে নিশ্চিত হয়। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আমূল সংস্কার করে তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত, জনবান্ধব, জবাবদিহিমূলক এবং মানবাধিকারসম্মত প্রতিষ্ঠানে রূপান্তর করা অতীব জরুরি।
একইভাবে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যাতে যেকোনো দুর্নীতির বিরুদ্ধে প্রভাবমুক্তভাবে আইনি ব্যবস্থা নেয়া যায়। এর পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের অধিকার নিশ্চিত করা, সব ধরনের দমনমূলক আইন বাতিল বা পরিমার্জন এবং মুক্ত সাংবাদিকতার অনুকূল পরিবেশ তৈরি করাও এই নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য শর্ত।
এসব সংস্কার বাস্তবায়ন হলে শুধু গণতান্ত্রিক শাসনব্যবস্থাই শক্তিশালী হবে না; বরং রাষ্ট্রের প্রতি নাগরিকের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ক্ষমতার অপব্যবহারের পথ রুদ্ধ হবে এবং জুলাই বিপ্লবের মূল চেতনা- জবাবদিহি, ন্যায়বিচার ও সুশাসন- বাস্তব রূপ লাভ করবে।
আন্তর্জাতিক ভূরাজনীতি ও শক্তির প্রতিযোগিতা
বাংলাদেশ আর দক্ষিণ এশিয়ার ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ কোনো সাধারণ ভূখণ্ডমাত্র নয়; ভূরাজনীতি ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এর কৌশলগত গুরুত্ব বহুগুণ বেড়েছে। ফলে বিশ্বশক্তিগুলোর নজরও এখানে গভীরভাবে নিবদ্ধ হয়েছে। এর সাথে নানা প্রভাবশালী পক্ষের স্বার্থের সংশ্লিষ্টতা রয়েছে।
ভারতের কৌশলগত দৃষ্টিভঙ্গি : ভারতের জন্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি তাদের সরাসরি জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত বলে বর্ণনা করা হয়। উত্তর-পূর্ব ভারতের শান্তি বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ, নদীর পানি বণ্টন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য- সব ক্ষেত্রেই বাংলাদেশের সহযোগিতা দিল্লির জন্য অপরিহার্য। কিন্তু এই বর্ণনার সাথে এই প্রতিবেশী দেশটির বাস্তব আচরণের পার্থক্য রয়েছে। বাংলাদেশ সমমর্যাদা ও স্বার্থের ভিত্তিতে এই সহযোগিতা বজায় রাখতে চায়। কিন্তু দিল্লি চায় তারা বাংলাদেশের অর্থনৈতিক, নিরাপত্তা ও কৌশলগত বিষয়গুলোর দিকনির্দেশ ও নিয়ন্ত্রণ করবে। আগের সরকার ১৭ বছর এই দিকনির্দেশনা মেনে নিয়েছিল। ঢাকার নতুন সরকার সম্ভবত সেটি চাইছে না। তবে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় দিল্লিকে তাদের কূটনৈতিক ও পররাষ্ট্রনীতি পুনর্মূল্যায়ন করতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও কৌশলগত সমীকরণ : যুক্তরাষ্ট্রের নীতি মূলত দুই ভাগে বিভক্ত। প্রথমত, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও অবাধ নির্বাচন নিশ্চিত করার তাগিদ। অন্য দিকে বঙ্গোপসাগরের কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে তাদের ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাওয়ার তাগিদও ওয়াশিংটনের কাছে বেশ স্পষ্ট।
চীন ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান : চীনের দৃষ্টিভঙ্গি প্রধানত অর্থনৈতিক ও বাণিজ্যকেন্দ্রিক। বাংলাদেশে বন্দর, সেতু, বিদ্যুৎকেন্দ্র ও মেগা অবকাঠামোগত প্রকল্পে তাদের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। চীন সাধারণত ক্ষমতায় যে-ই থাকুক না কেন, বাণিজ্য ও প্রকল্পের ধারাবাহিকতা রক্ষা করে চলে। অন্য দিকে ইউরোপীয় ইউনিয়নের মূল মনোযোগ বাংলাদেশের রফতানি বাজার, শ্রম অধিকার, টেকসই সুশাসন ও মানবাধিকার রক্ষার ওপর।
বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও দুর্বলতার কারণে বিদেশী হস্তক্ষেপের নজির নতুন নয়। তবে ইতিহাস আমাদের শিক্ষা দেয়, কোনো রাজনৈতিক দল বা রাষ্ট্র যখন অভ্যন্তরীণ বৈধতার জন্য নিজের জনগণের স্থলাভিষিক্ত করে বিদেশী শক্তির সমর্থনের ওপর নির্ভর করতে শুরু করে, তখন জাতীয় সার্বভৌমত্ব ও গণতন্ত্র দুর্বল হতে বাধ্য।
তাই বাংলাদেশকে কোনো নির্দিষ্ট পরাশক্তি ব্লকে না ঝুঁকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি লালন করতে হবে।
তরুণদের আকাক্সক্ষা ও ভবিষ্যতের সম্ভাব্য পথ
কোনো রাজনৈতিক বিপ্লবই অর্থনৈতিক সাফল্য ও জনকল্যাণমূলক ফলাফল ছাড়া দীর্ঘস্থায়ী হতে পারে না। রাজনৈতিক রূপান্তরের পর যদি শিল্প উৎপাদন, বৈদেশিক বিনিয়োগ, কর্মসংস্থান, রফতানি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির মতো মৌলিক অর্থনৈতিক সূচকে ইতিবাচক পরিবর্তন না আসে, তবে সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুত হতাশায় পরিণত হতে পারে। ফলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে পরস্পরের প্রতিপক্ষ নয়; বরং পরিপূরক হিসেবে বিবেচনা করতে হবে। একটি কার্যকর অর্থনৈতিক নীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদার করাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্থায়িত্বের প্রধান পূর্বশর্ত।
একই সাথে জুলাই বিপ্লবের প্রধান চালিকাশক্তি ছিল তরুণ প্রজন্ম। তাই তাদের প্রত্যাশার বাস্তবায়ন কেবল কোনো সাময়িক রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতারও অপরিহার্য শর্ত। তরুণদের প্রধান দাবির মধ্যে রয়েছে- মেধাভিত্তিক সুযোগ, যেখানে স্বজনপ্রীতি, বৈষম্য ও অস্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার বদলে যোগ্যতার মূল্যায়ন থাকবে; প্রকাশ্য বাকস্বাধীনতা, যাতে নাগরিকরা জনপরিসরে নির্ভয়ে মত প্রকাশ করতে পারেন এবং আইনের কঠোর শাসন, যেখানে ব্যক্তি বা দলীয় পরিচয় নয়, আইনের সমতাই হবে বিচারব্যবস্থার একমাত্র ভিত্তি।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০১১ সালের আরব বসন্তের পর মিসর পুনরায় সামরিক প্রভাবাধীন রাজনৈতিক কাঠামোয় ফেরত যায়, আর লিবিয়া ও ইয়েমেন স্থায়ী গৃহযুদ্ধে নিপতিত হয়। বিপরীত দিকে, নব্বইয়ের দশকে পূর্ব ইউরোপের পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের মতো দেশগুলো দ্রুত প্রাতিষ্ঠানিক রূপান্তর, স্বাধীন বিচারব্যবস্থা এবং নিয়মিত গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সাফল্য পেয়েছিল। বাংলাদেশের জন্য প্রধান শিক্ষা হলো, বিপ্লবকে ধরে রাখতে হলে ব্যক্তি নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে শাসনব্যবস্থা পরিচালিত করতে হবে।
বাংলাদেশের জুলাই বিপ্লব-পরবর্তী ভবিষ্যৎ মূলত তিনটি সম্ভাব্য পথের যেকোনো একটি বেছে নিতে পারে :
১. ইতিবাচক পথ : যেখানে রাজনৈতিক দলগুলো ন্যূনতম জাতীয় ঐকমত্যে পৌঁছে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করবে এবং একটি দীর্ঘমেয়াদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করবে। এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে এবং অর্থনীতিতে গতি আসবে।
২. অচলাবস্থার পথ : যদি সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন মতবিরোধ চলতে থাকে, তবে রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক স্থবিরতা এবং জনআস্থার সঙ্কট আরো গভীর হবে। ফ্যাসিবাদী প্রভাব প্রক্রিয়া আবার ফেরত আসতে পারে।
৩. তীব্র মেরুকরণের পথ : যেখানে দলাদলি ও ক্ষমতার লড়াই এতটাই উগ্র রূপ নেবে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আবারো দলীয় প্রতিযোগিতার বলি হবে। এতে আইনের শাসন ও গণতান্ত্রিক জবাবদিহি পুরোপুরি ভেঙে পড়তে পারে।
এর মধ্যে কোন পথ বাস্তবে রূপ নেবে, তা নির্ভর করবে রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতা, প্রাতিষ্ঠানিক সংস্কারের আন্তরিকতা এবং জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষাকে কতটা সম্মান করা হয় তার ওপর।
জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় বাঁক পরিবর্তনের সূচনা করেছে। তবে এর চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতা নির্ধারিত হবে আগামী কয়েক বছরের রাষ্ট্র পরিচালনার ধরন দেখে। রাজনৈতিক দলগুলো যদি হিংসাত্মক প্রতিযোগিতা ভুলে একটি ন্যূনতম জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারে, প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের রায়কে শ্রদ্ধার সাথে গ্রহণ করে, তবেই এই বিপ্লব একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রকৃত মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
কিন্তু যদি পুরনো দিনের মতো প্রতিশোধমূলক রাজনীতি, দলীয়করণ এবং ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার লড়াই আবারো ফিরে আসে, তবে শহীদদের রক্ত ও তরুণদের এই মহান ত্যাগ ব্যর্থতায় পর্যবসিত হওয়ার চরম ঝুঁকি থেকে যাবে। জুলাই বিপ্লবের ভবিষ্যৎ শেষ পর্যন্ত নির্ভর করছে এমন একটি রাষ্ট্র গঠনের ওপর- যেখানে আইন সবার জন্য সমান হবে, ক্ষমতা নয়; বরং জবাবদিহিতাই হবে শাসনের মূল ভিত্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান পাবে বাংলাদেশের সার্বভৌম ও জাতীয় স্বার্থ।
লেখক : নির্বাহী সম্পাদক, নয়া দিগন্ত



