লেবাননে ফরাসি শান্তিরক্ষী নিহত : জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের নিন্দা

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ লেবাননে ফরাসি শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। হামলায় একজন নিহত ও তিনজন আহত হন; এ ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছে ফ্রান্স।

নয়া দিগন্ত অনলাইন

লেবাননে এক ফরাসি শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ।

গতকাল সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হচ্ছে। ফ্রান্স এ ঘটনার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে।

জাতিসঙ্ঘ সদর দফতার থেকে বার্তাসংস্থা এ খবর জানায়।

শনিবার ওই শান্তিরক্ষী হামলার শিকার হন। ওই সময় তার ইউনিটটি লেবাননে জাতিসঙ্ঘ অন্তর্বর্তী বাহিনীর (ইউনিফিল) একটি ঘাঁটির দিকে যাচ্ছিল, যা হিজবুল্লাহ ও ইসরাইলের সংঘর্ষে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ওই হামলায় একজন ফরাসি শান্তিরক্ষী নিহত হন ও আরো তিনজন আহত হন।

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ও ইউনিফিলের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’

সূত্র : বাসস