ফ্রান্সের বামপন্থী রাজনীতিক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসানকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ করা একটি পোস্টকে কেন্দ্র করে গ্রেফতার করেছে ফরাসি কর্তৃপক্ষ। বিষয়টি ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার দল লা ফ্রঁস আঁসুমিজ-এর নেতা জঁ-লুক মেলঁশোঁ।
তিনি অভিযোগ করেন, এটি ‘রাজনৈতিক পুলিশিং’-এর একটি উদাহরণ এবং এতে সংসদ সদস্যদের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৬ মার্চ এক্সে করা একটি পোস্টের কারণে হাসানকে আটক করা হয়েছে। ওই পোস্টে তিনি ১৯৭২ সালের লোদ এয়ারপোর্ট অ্যাটাক নিয়ে দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির মন্তব্য উদ্ধৃত করেছিলেন। সেই হামলায় ২৬ জন নিহত হন। হামলাটি চালিয়েছিল জাপানের উগ্র বামপন্থী সংগঠন জাপানিজ রেড আর্মি।
ফরাসি কর্তৃপক্ষের সন্দেহ, হাসানের পোস্টটি সন্ত্রাসীদের প্রতি সমর্থন হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। যদিও বিতর্কিত পোস্টটি পরবর্তীতে তিনি মুছে ফেলেন, তবুও বিষয়টি আইনি পর্যায়ে গড়ায়।
গ্রেফতারের বিষয়ে হাসান বা তার আইনজীবীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনায় ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক মতাদর্শ এবং সন্ত্রাসবাদবিরোধী আইনের প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বিশ্লেষকরা মনে করছেন, বিষয়টি শুধু একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নয়, বরং বৃহত্তর রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপটের অংশ।


