রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। মস্কোর দু’দিনের একতরফা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েকদিন আগে এসব হামলা চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা |সংগৃহীত

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। মস্কোর দু’দিনের একতরফা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েকদিন আগে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা।

কর্মকর্তারা জানায়, মঙ্গলবার (৫ মে) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রাশিয়ার গ্লাইড বোমার আঘাতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। বোমাটি একটি গাড়ি মেরামতের দোকান ও আবাসিক ভবনে আঘাত হানে, যা চলতি বছরে শহরটিতে হওয়া সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে অন্যতম।

আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, এ হামলায় আরো ২০ জন আহত হয়েছেন।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ কেন্দ্র ক্রামাতোরস্ক শহরে ছয়জন নিহত ও আরো ১২ জন আহত হয়েছেন।

এছাড়া দনিপ্রো শহরে হামলায় আরো চারজন নিহত হয়েছেন।

নাফতোগাজের সিইও সেরহি কোরেৎস্কি জানান, গত রাতে পোলতাভা ও খারকিভ অঞ্চলের রাষ্ট্রীয় গ্যাস স্থাপনাগুলোতেও হামলা চালায় রাশিয়া। এতে তিন কর্মচারী ও দুই উদ্ধারকর্মী নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও উৎপাদন হ্রাস পেয়েছে। এটি ছিল ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা।’

কোরেৎস্কি জানান, এই হামলার ফলে প্রায় তিন হাজার ৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা