যুক্তরাষ্ট্র-ইসরাইলের সাথে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় চীনে জ্বালানি ঘাটতি দেখা দিলে তা পূরণে রাশিয়া সক্ষম বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
বুধবার (১৫ এপ্রিল) রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন, ‘রাশিয়া নিঃসন্দেহে চীন এবং আমাদের সাথে কাজ করতে আগ্রহী অন্যান্য দেশগুলোর জন্য তৈরি হওয়া সম্পদের এই ঘাটতি পূরণ করতে সক্ষম।’
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ল্যাভরভ আরো বলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বছরের প্রথমার্ধেই চীন সফর করবেন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্ব আরো গভীর হয়েছে।
ল্যাভরভ গত মঙ্গলবার থেকে বেইজিংয়ে দুই দিনের সফর শুরু করেছেন এবং বুধবার প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেন। রাশিয়ার তাস ও রিয়া নভোস্তি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘যেকোনো পরিস্থিতির মুখেও অটল’ থাকলে বলে বর্ণনা করেন।
ল্যাভরভের এই সফরের সময়ই বেইজিংয়ে ভিয়েতনামের তো লাম ও স্পেনের পেদ্রো সানচেজসহ বিশ্বের আরো কয়েকজন নেতা সি চিনপিংয়ের সাথে বৈঠক করছেন।
ল্যাভরভ বলেন, দুই দেশের এই সম্পর্ক ‘বিশ্ব পরিস্থিতিতে স্থিতিশীল ভূমিকা পালন করছে’ এবং ‘বিশ্বের সেসব সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যারা কোনো সমস্যা বা অস্থিরতা চায় না।’
ল্যাভরভ এমন এক সপ্তাহে এই সফর করছেন যখন ভিয়েতনামের তো লাম এবং স্পেনের পেদ্রো সানচেজসহ বেশ কয়েকজন বিশ্বনেতা চীনা রাজধানীর বেইজিংয়ে সি চিনপিংয়ের সাথে বৈঠক করছেন।
সূত্র: বাসস



