চীনা পণ্যবাহী জাহাজে রুশ ড্রোন আঘাত করেছে : ইউক্রেন

ইউক্রেন দাবি করেছে, কৃষ্ণসাগরে রুশ ড্রোন হামলায় চীনের মালিকানাধীন ‘কেএসএল দেইয়াং’ নামের একটি পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

কৃষ্ণসাগরে রোববার রাতে রাশিয়ার ড্রোন চীনের একটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে।

সোমবার ইউক্রেন এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিং সফরে যাওয়ার একদিন আগে এ ঘটনা ঘটল। সফরকালে পুতিন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সাথে বৈঠক করবেন।

ইউক্রেনের কৃষিপণ্য রফতানির গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ওদেসার কাছে বেসামরিক জাহাজে কিয়েভ নিয়মিতই রুশ হামলার অভিযোগ জানিয়ে আসছে।

তবে এবারের হামলা এমন এক সময়ে হলো, যখন দু’দিনের সফরে পুতিন বেইজিং যাচ্ছেন। সফরে তিনি ও সি চিনপিং বন্ধুত্বপূর্ণ দেশ দু’টির দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে আলোচনা করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘ড্রোন ওদেসায় আঘাত হেনেছে। ড্রোনগুলোর একটি চীনের মালিকানাধীন একটি জাহাজে আঘাত করেছে।’

তিনি আরো বলেন, ‘সমুদ্রে কোন জাহাজ ছিল সে বিষয়ে রাশিয়ার অজ্ঞাত থাকার সুযোগ নেই।’

ইউক্রেনের নৌবাহিনীর এক মুখপাত্র জানান, জাহাজটির সব নাবিকই চীনের নাগরিক। তবে কেউ আহত হননি। হামলার পরও জাহাজটি যাত্রা অব্যাহত রাখে।

নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক বলেন, ‘জাহাজটি পণ্য ওঠানোর জন্য বন্দরে প্রবেশ করছিল। রাতে শাহেদ ড্রোনের আঘাতের পর নাবিকরা নিজেরাই পরিস্থিতি সামাল দেন। সৌভাগ্যবশত কেউ আহত হননি। জাহাজটি পরে নির্ধারিত বন্দরের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।’

ইউক্রেনের নৌবাহিনী জাহাজটির নাম জানিয়েছে ‘কেএসএল দেইয়াং।’ তারা একটি ছবিও প্রকাশ করেছে। সেখানে জাহাজটির উপরের ডেকের একটি অংশে আগুনে পোড়া চিহ্ন দেখা যায়।

জেলেনস্কি বলেন, রাতে রুশ বাহিনী ইউক্রেনে ৫২৪টি হামলাকারী ড্রোন ও ২২টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর মধ্যে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছিল।

চীন নিয়মিতই উভয়পক্ষের প্রতি যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান জানিয়ে আসছে। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সৈন্য পাঠানোর জন্য তারা কখনো রাশিয়ার নিন্দা করেনি। নিজেদেরকে এই যুদ্ধে নিরপেক্ষ হিসেবেই উপস্থাপন করে আসছে বেইজিং।

২০২২ সালে তুরস্ক ও জাতিসঙ্ঘের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কোর মধ্যে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানির একটি চুক্তি হয়েছিল। তবে প্রায় এক বছর পর ক্রেমলিন সেই চুক্তি বাতিল করে।

সূত্র : বাসস