যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ‘রেডিও ফোর’-এর ‘টুডে’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। সেইসাথে বুধবার (৮ এপ্রিল) লেবাননে ইসরাইলের হামলাকে তিনি ‘সম্পূর্ণ ভুল’ বলে উল্লেখ করেন।
ইয়েভেট কুপার বলেন, ‘লেবাননে ব্যাপকভাবে বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, যার ফলে ভয়াবহ মানবিক সঙ্কট তৈরি হয়েছে। এই উত্তেজনা পরিস্থিতিকে আরো ক্ষতিকর করে তুলছে, এটি ভুল… আমরা চাই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে তা লেবানন পর্যন্ত বিস্তৃত করা হোক।’
এরপর তাকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। যেখানে বলা হয়েছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ‘ইরান ও ওমানের সদিচ্ছার’ ওপর নির্ভরশীল।
ইয়েভেট কুপার এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘সামুদ্রিক আইনের আওতায় আন্তর্জাতিক ট্রানজিট রুটে নৌ চলাচলের স্বাধীনতা প্রযোজ্য। কোনো দেশ একতরফাভাবে এ ধরনের আন্তর্জাতিক ট্রানজিট রুট দখল করে টোল আরোপ করতে পারে না।’
সূত্র : বিবিসি



