লেবাননে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ১৯

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা |সংগৃহীত

দক্ষিণ লেবাননে মঙ্গলবার (১৯ মে) ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো এক হামলায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু ও তিনজন নারী রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো তিনজন।

মন্ত্রণালয়টি আরো জানায়, নাবাতিয়েহ ও টায়ার জেলায় ইসরাইলি বিমান হামলায় আরো নয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।

গত ২ মার্চ লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে, যখন ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যাকারী মার্কিন-ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করে।

যুক্তরাষ্ট্র লেবানন ও ইসরাইলের মধ্যে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হওয়ার ঘোষণা দেয়। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও ইসরাইল ও হিজবুল্লাহ উভয় পক্ষই গোলাগুলি বিনিময় অব্যাহত রেখেছে, বিশেষ করে দক্ষিণ লেবাননে।

ইসরাইল বলছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করছে, কিন্তু প্রায়শই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকরা নিহত হচ্ছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, মার্চ মাস থেকে ইসরাইলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার জনে।

সূত্র: বিবিসি, এএফপি