লেবাননে ইসরাইলি হামলায় ২৭ সাংবাদিক নিহত

লেবাননে গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৭ সাংবাদিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন
হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন |সংগৃহীত

লেবাননে গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৭ সাংবাদিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লেবাননের প্রেস সিন্ডিকেট এডিটরস এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি গত বুধবার দক্ষিণাঞ্চলীয় শহর টাইরে একদল সাংবাদিককে লক্ষ্য করে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে। এ হামলায় সাংবাদিক আমাল খলিল নিহত হন এবং তার সহকর্মী জেইনাব ফারাজ আহত হন।

সংস্থাটি জানায়, খলিল এর আগেও ইসরাইলি সেনাবাহিনীর কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এ হত্যাকাণ্ডের ফলে নিহত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। এছাড়া বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছেন।’

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় দুই হাজার ৪৭৫ জন নিহত হয়েছেন এবং সাত হাজার ৬৯৬ জন আহত হয়েছেন। এছাড়া ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গত ১৬ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতি রোববার শেষ হতে চলেছে এবং ইসরাইল প্রতিদিন তা লঙ্ঘন করছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি