ভবানীপুর বিধানসভা আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রায় ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
এই আসনে মুখোমুখি হয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। ভোটগণনার শেষপর্যায়ে এগিয়ে থেকে শেষ হাসি হাসেন শুভেন্দু।
এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী দুটি আসন—ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় ক্ষেত্রেই জয়লাভ করেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভবানীপুর আসন থেকেই লড়েছিলেন এবং পরাজয়ের ফলে তার বিধানসভায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে।
দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোটগণনা অনুষ্ঠিত হয়। বিকেলের দিকে গণনাকেন্দ্রে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এক পর্যায়ে তিনি পিছিয়ে পড়লে কেন্দ্র ত্যাগ করেন এবং অভিযোগ তোলেন যে, নির্বাচনে ১০০টিরও বেশি আসনে কারচুপি হয়েছে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা এখনও বাকি। শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে।” পাশাপাশি তিনি দলীয় প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের ধৈর্য ধরার আহ্বান জানান।
পরবর্তীতে কড়া নিরাপত্তার মধ্যে কালীঘাটের বাসভবনের উদ্দেশে রওনা দেন তৃণমূল নেত্রী।
প্রসঙ্গত, পাঁচ বছর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দুর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি অন্য একটি আসনের উপ নির্বাচনে বিজয়ী হন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা



