ইরান-ইসরাইলের মধ্যে চলমান সঙ্ঘাত নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের অবস্থান সম্পর্কে প্রশ্ন তুলেছেন সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি নরেন্দ্র মোদির কাছে জানতে চেয়েছেন, এই যুদ্ধ থেকে ভারতের কী লাভ হচ্ছে?
রোববার (১ মার্চ) ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর ইরানও পাল্টা জবাব দেয় এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তেই ওয়াইসি এমন প্রশ্ন তুললেন।
ওয়াইসি প্রশ্ন করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি আগে থেকেই মোদিকে জানিয়েছিলেন যে ইরানের ওপর হামলা হতে যাচ্ছে? তিনি বলেন, যদি সেই সময় প্রধানমন্ত্রীর বিমান আকাশে থাকত এবং এমন হামলা হত, তাহলে তার দায়িত্ব কে নিত?
ওয়াইসির মতে, দেশের (ভারত) নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়া দরকার।
ওয়াইসি আরো বলেন, সরকারকে দেশবাসীর সামনে পরিষ্কার করতে হবে যে এই আন্তর্জাতিক সঙ্ঘাতের মধ্যে ভারতের অবস্থান কী এবং এতে দেশের কূটনৈতিক বা কৌশলগতভাবে কী সুবিধা হচ্ছে।
সব মিলিয়ে, তিনি কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন এবং এর স্বচ্ছতাও দাবি করেছেন।



