ভারতে একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) তামিলনাড়ুর বিরুধুনগরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, রাসায়নিক মেশানোর সময় ঘর্ষণের ফলে এ বিস্ফোরণটি ঘটেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, কাট্টানারপট্টির বাজি কারখানায় ৩০ জন শ্রমিক যখন কাজ করছিলেন, তখন এ বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ছিল যে কারখানার কমপক্ষে চারটি ঘর ধ্বংস হয়ে গেছে। জানা গেছে, বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল।
শিবাকাসি, সাত্তুর ও বিরুধুনগরসহ আশপাশের শহরগুলো থেকে দমকল ও উদ্ধারকারী দলের কর্মীরা এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। ধ্বংসাবশেষের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কী কারণে বিস্ফোরণটি ঘটেছে এবং কারখানা কর্তৃপক্ষ সুরক্ষা বিধি মেনে চলেছিল কি-না, তা জানতে পুলিশ একটি মামলা করে তদন্ত শুরু করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘তামিলনাড়ুর বিরুধুনগরের দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন।’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও শোক প্রকাশ করেছেন।
সূত্র: এনডিটিভি



