রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক্স অ্যাকাউন্ট বন্ধ ভারতে। এক্স-এ গিয়ে রয়টার্সসহ ওই সংবাদ মাধ্যমগুলোর অ্যাকাউন্ট খুলতে গেলেই দেখাচ্ছে। সেগুলো ভারতে দেখা যাবে না। ইতোমধ্যেই ভারত-পাক সংঘর্ষ আবহের পর থেকেই পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম, চ্যানেল এবং তারকাদের অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ।
এবার ভারতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স, চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইম্স এবং তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর এক্স অ্যাকাউন্ট খুলছে না ভারতে। কিন্তু এই আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিষয়ে কেন দেশের এমন পদক্ষেপ? তা নিয়ে প্রশ্ন উঠছিল।
রোববার এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে, এই বিষয়ে হাত নেই ভারত সরকারের। কেন্দ্র ভারতে এক্স হ্যান্ডেলে এই সংবাদসংস্থাগুলোর অ্যাকাউন্ট বন্ধের আর্জি জানায়নি, নির্দেশও দেয়নি।
সূত্রের খবর, এই প্রসঙ্গে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এক্স অ্যাকাউন্টগুলো ব্লক করা এক্স-এর পক্ষ থেকে কোনো প্রযুক্তিগত সমস্যা বা বিভ্রান্তি বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে।
এই সমস্যার দ্রুত সমাধানের জন্য কেন্দ্র এক্স কর্তৃপক্ষের সাথে আলোচনা চালাচ্ছে বলেও জানানো হয়েছে।
সূত্র : আজকাল



