যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সাথে শান্তি চুক্তি না হলে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ বহাল থাকবে। একইসাথে তিনি ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে তা বাড়ানো না-ও হতে পারে।
এএফপি জানায়, শুক্রবার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সম্ভবত আমি যুদ্ধবিরতি বাড়াব না, তবে অবরোধ বহাল থাকবে।’
ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে ইরান শুক্রবার হরমুজ প্রণালী পুনরায় খুলে দিলেও যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে আবারো এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে তেহরান।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা।
সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটা হবে।’
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। পাকিস্তানে অনুষ্ঠিত আগের দফার আলোচনায় দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।
ট্রাম্প আরো বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ইরান কোনো ‘টোল’ আরোপ করবে না—যা আগে আলোচনায় ইরান প্রস্তাব করেছিল।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ায় ‘খুবই খুশি’।
তিনি আরো জানান, মে মাসে বেইজিংয়ে নির্ধারিত তাদের বৈঠক ‘বিশেষ’ এবং ‘সম্ভবত ঐতিহাসিক’ হবে।
এদিকে, যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবে ইরানে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের কথাও পুনরায় উল্লেখ করেন ট্রাম্প।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছে, তাদের ইউরেনিয়ামের মজুদ ‘কোথাও’ স্থানান্তর করা হবে না।
সূত্র : এএফপি/বাসস



