ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (১৮ জুলাই) ইসরাইলের হামলায় একই পরিবারের পাঁচ সদস্যসহ ১১ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, উত্তর-পশ্চিম গাজা শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি হামলায় একই পরিবারের তিন শিশু ও তাদের বাবা-মা নিহত হন।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘পরিবারটির একমাত্র জীবিত সদস্য হলো একটি শিশু। হামলার সময় শিশুটি বাড়ির ভেতরে ছিল না।’
গাজার আল-শিফা হাসপাতাল পাঁচটি লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে এক হাজার ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা



