মক্কায় মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিবের সাথে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মুসলিম বিশ্বের ঐক্যে গুরুত্বারোপ

বৈঠকে বিশ্বের মুসলিম দেশগুলোর শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
সলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল-ইসার সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি
সলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল-ইসার সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি |সংগৃহীত

মক্কায় মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল-ইসার সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৈঠকে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি, উম্মাহর ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

শুক্রবার (২৯ মে) উর্দু নিউজ জানায়, বৈঠকে মহসিন নাকভি বলেন, মুসলিম বিশ্ব আজ নানা সঙ্কট ও বিভেদের মুখোমুখি। এ পরিস্থিতিতে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করা সময়ের দাবি।

এজন্য তিনি মুসলিম ওয়ার্ল্ড লিগের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, বিশ্বব্যাপী ইসলামের সঠিক বার্তা তুলে ধরতে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি চলতি হজ মৌসুমে সৌদি আরব সরকারের ব্যবস্থাপনাকেও অত্যন্ত সফল বলে উল্লেখ করেন। তার ভাষ্য, লাখো হাজীর নিরাপত্তা, যাতায়াত, চিকিৎসা ও সার্বিক সেবায় সৌদি কর্তৃপক্ষ প্রশংসনীয় দক্ষতার পরিচয় দিয়েছে।

মহসিন নাকভি আরো বলেন, পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ। দুই দেশের জনগণের মধ্যে গভীর ধর্মীয় ও আবেগীয় বন্ধন রয়েছে।

অন্যদিকে শায়খ ড. আল-ইসা মুসলিম বিশ্বের বিভিন্ন সঙ্কট মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার হলে উম্মাহ আরো শক্তিশালী হবে।

বৈঠকে বিশ্বের মুসলিম দেশগুলোর শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।