ইরান ট্রাম্পের ‘ভিয়েতনাম’ হয়ে উঠছে : শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

ইরান ক্রমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘ভিয়েতনাম’ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ও যুদ্ধ-নিরাপত্তা বিশ্লেষক রবার্ট পিপ।

নয়া দিগন্ত অনলাইন
শিকাগো বিশ্ববিদ্যালয়
শিকাগো বিশ্ববিদ্যালয় |সংগৃহীত

ইরান ক্রমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘ভিয়েতনাম’ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক ও যুদ্ধ-নিরাপত্তা বিশ্লেষক রবার্ট পিপ।

এবার ট্রাম্পকে আত্মসমর্পণ করা বা উত্তেজনা আরো বাড়ানোর মধ্যে একটি পথ বেছে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রবার্ট পিপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাইয়ের সিএনএনকে দেয়া একটি সাক্ষাৎকার পুনঃপ্রকাশ করে নিজের মন্তব্য তুলে ধরেন।

তিনি লেখেন, ‘মোহসেন রেজাইয়ের সিএনএনের সাক্ষাৎকার সবাই দেখেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরান ২৪ বিলিয়ন ডলার অগ্রিম অর্থ চায়, হরমুজ প্রণালী তার নিয়ন্ত্রণে রয়েছে এবং এর ব্যবহারের জন্য মূল্য আদায় করা হবে।’

রবার্ট পিপ বলেন, ‘ইরান হলো ট্রাম্পের ভিয়েতনাম। মার্কিন প্রেসিডেন্টকে এখন সিদ্ধান্ত নিতে হবে—আত্মসমর্পণ করবেন, নাকি উত্তেজনা বাড়াবেন।’

ইরাক-ইরান যুদ্ধের সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারের দায়িত্বে ছিলেন মোহসেন রেজাই।

তিনি সাক্ষাৎকারে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে এবং এই অচলাবস্থা দূর করার দায়িত্ব এখন মার্কিন পক্ষের।

রেজাই জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরান ও ওমানের সার্বভৌম অধিকার রয়েছে এবং দুই দেশ যৌথভাবে এই গুরুত্বপূর্ণ পানিপথ পরিচালনা করবে।

তিনি জানান, এই পানিপথের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ব্যয় ইরান গ্রহণ করবে।

পারমাণবিক ইস্যুতে ট্রাম্পের সাথে সম্ভাব্য কোনো চুক্তির স্থায়িত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেন রেজাই। একইসাথে তিনি সম্ভাব্য যেকোনো মার্কিন হামলা মোকাবেলায় ইরানের প্রস্তুতির কথা তুলে ধরে বলেন, ‘যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে বিশ্ব ইরানের প্রকৃত সক্ষমতা দেখতে পাবে।’

সূত্র: ইসনা