ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছি বিদ্রোহীদের হামলায় দেশটির বন্দরনগরী হোদেইদার দক্ষিণে ১৪ সরকারি সেনা নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ঘনিষ্ঠ এক সামরিক কর্মকর্তা রোববার (৫ জুলাই) এএফপিকে এ তথ্য জানান।
ওই কর্মকর্তা বলেন, হোদেইদার দক্ষিণে হায়স জেলায় শনিবার ভোরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সরকারপন্থী বাহিনী হাউছিদের হামলা প্রতিহত করে।
তিনি আরো বলেন, ‘এই সংঘর্ষে হাউছিদের পক্ষেও নিহত ও আহত হয়েছে।’
তবে বিদ্রোহী বাহিনীর কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে তিনি কোনো সংখ্যা উল্লেখ করেননি।
২০১৫ সাল থেকে হাউছি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। দীর্ঘ এই সঙ্ঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। একইসাথে দেশটিতে ভয়াবহ মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে।
হাউছিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশের উত্তরাঞ্চলের বেশিভাগ এলাকা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে লোহিত সাগর উপকূলে অবস্থিত হোদেইদাও রয়েছে। অন্যদিকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশের দক্ষিণাঞ্চলের বেশিভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।
২০২২ সালে জাতিসঙ্ঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর দু’পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষেও ঘটনা কমে এসেছে।
তবে শুক্রবার হাউছিরা ইয়েমেনের এডেনভিত্তিক সরকারের প্রধান সমর্থক সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দেয়।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী ইরানের তথাকথিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর অংশ হাউছি গোষ্ঠীর অভিযোগ, সৌদি আরব একটি ইরানি বিমানকে অবতরণ করতে বাধা দেয়ার চেষ্টা করেছে।
সূত্র: বাসস


