যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতকে ইরানের সাথে চলমান যুদ্ধে আরো গভীরভাবে জড়ানোর এবং পারস্য উপসাগরের একটি ইরানি দ্বীপ দখল করার জন্য উসকানি দিচ্ছেন।
গত শনিবারের দ্য ডেইলি টেলিগ্রাফের বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের কিছু কিছু ব্যক্তি আমিরাতকে ‘ লাভান ’ নামের একটি ইরানি দ্বীপ দখল করার প্রস্তাব দিয়েছেন।
গত এপ্রিলের শুরুতে এই দ্বীপে আমিরাত গোপন সামরিক হামলা চালিয়েছিল বলেও জানা গেছে। যুক্তরাষ্ট্রের সাবেক এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার কথা টেনে সংবাদপত্রটি জানায়, মার্কিন কর্মকর্তারা আমিরাতকে উৎসাহিত করে বলছেন, ‘যাও, ওটা দখল করো!’ তাদের আসল উদ্দেশ্য হলো, সেখানে মার্কিন সেনাদের বদলে আমিরাতের স্থল সেনারা যুদ্ধ করুক।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল একযোগে হামলা চালানোর পর থেকেই এই অঞ্চলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় ইসরাইল এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর, যার মধ্যে আমিরাতও ছিল। একইসাথে ইরান আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে ইসলামাবাদে হওয়া শান্তি আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।
সূত্র : মিডলইস্ট মনিটর



