পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন লিখিত প্রস্তাব পাঠিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিজেই এই খবর নিশ্চিত করেছেন।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি সোমবার আলোচনা প্রক্রিয়ার সাথে যুক্ত একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরান ইতোমধ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন লিখিত প্রস্তাব পাঠিয়েছে।
আল জাজিরা ও তাসনিম নিউজ অ্যাজেন্সি আরো উল্লেখ করেছে, তেহরানের এবারের মূল লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং দুই দেশের মধ্যে বিশ্বাসের জায়গা তৈরি করা।
এমন এক সময়ে এই খবর সামনে এলো যখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তার ইরান সফর বাড়িয়ে তিন দিনে নিয়ে গেছেন।
ওয়াশিংটনের চিঠির জবাব দিলো তেহরান
কূটনৈতিক এই তৎপরতার ভেতরের খবর হলো, কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আগের একটি চিঠির জবাবে ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব পাঠিয়েছিল। বার্তা আদান-প্রদানের সাম্প্রতিক নিয়ম মেনে ইরান এবার সেই প্রস্তাবগুলো খতিয়ে দেখেছে।
এরপর নিজেদের অবস্থানে কিছু জরুরি সংশোধন ও পরিবর্তন এনে আবারো ১৪ অনুচ্ছেদের একটি চূড়ান্ত টেক্সট বা খসড়া পাকিস্তানি মধ্যস্থতাকারীর হাতে তুলে দিয়েছে। পাকিস্তান এখন ইরানের এই নতুন বার্তাটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেবে।
নজর এখন যুদ্ধবিরতি ও আস্থা অর্জনে
ইরানের সেই বিশ্বস্ত সূত্রটি পরিষ্কার করে জানিয়েছে, তেহরানের তৈরি করা এই নতুন খসড়ার পুরো মনোযোগটাই রয়েছে যুদ্ধ শেষ করার আলোচনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থা বাড়ানোর মতো পদক্ষেপ নেয়ার ওপর। দুই দেশের এই দফায় দফায় চিঠি চালাচালি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে কতটা কাজে আসে, এখন সেটাই দেখার বিষয়।
সূত্র : আল জাজিরা, তাসনিম নিউজ



