কাফালা সিস্টেম বাতিল করল সৌদি

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ৫০ বছরের পুরনো কাফালা ব্যবস্থা বাতিল করেছে।

নয়া দিগন্ত অনলাইন
কাফালা সিস্টেম বাতিল করল সৌদি
কাফালা সিস্টেম বাতিল করল সৌদি |ইন্ডিয়া ডটকম

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ৫০ বছরের পুরনো কাফালা ব্যবস্থা বাতিল করেছে। এটি ছিল একটি শ্রম পৃষ্ঠপোষকতা কাঠামো, যা বিদেশী কর্মীদের জীবনযাত্রা ও কর্মসংস্থানের অধিকারকে একটি একক কোম্পানি বা নিয়োগকর্তার সাথে আবদ্ধ করেছিল।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিবর্তনটি ২০২৫ সালের জুন মাসে ঘোষণা করা হয়েছিল। ওই ঘোষণা কার্যকর করা হয়েছে। কাফালা ব্যবস্থা বিলুপ্তির ফলে ১ কোটি ৩০ লাখেরও বেশি বিদেশী কর্মী মুক্তি পেয়েছেন।

কাফালা ব্যবস্থা কী ছিল?

কাফালা ব্যবস্থা একটি আধুনিক পৃষ্ঠপোষকতা পথ, যা ১৯৫০ সাল থেকে উপসাগরীয় দেশগুলোতে ব্যবহৃত হয়ে আসছে। সৌদি আরব, কাতার, কুয়েত ও জর্ডানের মতো দেশে কাফালা ব্যবস্থা প্রচলিত। এই ব্যবস্থার অধীনে বিদেশী কর্মীদের আইনি অবস্থা সরাসরি তাদের কোম্পানির (কাফিল) সাথে যুক্ত ছিল। এটি কোম্পানিকে শ্রমিকদের উপর অধিক ক্ষমতা প্রদান করে। কাফালা ব্যবস্থায় আবদ্ধ শ্রমিকরা কোম্পানির অনুমতি ছাড়া চাকরি পরিবর্তন করতে পারতো না; দেশ ছেড়ে যেতে পারতো না, আইনি সহায়তাও পেতে পারতো না। এর ফলে শ্রমিকদের ব্যাপক শোষণের সৃষ্টি হয়েছিল।

কেন কাফালা ব্যবস্থা চালু করা হয়েছিল?

এই ব্যবস্থাটি বিদেশী কর্মীর আইনি ও প্রশাসনিক দায়িত্ব (ভিসা এবং আবাসিক মর্যাদা সহ) সরাসরি সেই কোম্পানি বা ব্যক্তির কাছে হস্তান্তর করার জন্য তৈরি করা হয়েছিল, যেখানে তারা কাজ করতো। সহজ কথায়, কর্মীর দায়িত্ব কাফিলের উপর ন্যস্ত ছিল। কাফালা ব্যবস্থা রাষ্ট্রীয় আমলাতন্ত্রকে তার বোঝা থেকে মুক্তি দেয়। কারণ, কাফিল ব্যক্তিগতভাবে সব কাজ পরিচালনা করতেন। সময়ের সাথে সাথে শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের জন্য এই ব্যবস্থা সমালোচিত হতে শুরু করে। তারা প্রায়ই দাসত্বের জীবনযাপন করতে বাধ্য হতো।

কী কী পরিবর্তন আনা হয়েছে?

সৌদি আরবের সাম্প্রতিক শ্রম সংস্কার কাফালা ব্যবস্থাকে চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল দিয়ে প্রতিস্থাপন করেছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) অনুসারে, নতুন ব্যবস্থা বিদেশী কর্মীদের তাদের বর্তমান নিয়োগকর্তা বা কাফিলের (নিয়োগকর্তা) অনুমতি ছাড়াই একটি নতুন কোম্পানিতে যোগদানের অনুমতি দেবে। শ্রমিকরা এখন এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পারবে এবং পূর্বে যে আইনি সুরক্ষাগুলো পাওয়া যেত না, সেগুলো উপভোগ করার অনুমতি পাবে। সৌদি আরব ভিশন ২০৩০ এর অধীনে দেশটির সংস্কার করছে এবং কাফালা ব্যবস্থা বাতিল করা এই উদ্যোগের অংশ।

সূত্র : ইন্ডিয়া ডটকম