হামলা-পাল্টা হামলার পর ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত

ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইল। এতে ইসরাইলি সামরিক বাহিনী নতুন করে সতর্কতা জারি করেছে।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |প্রতীকী ছবি

ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরাইল। এতে ইসরাইলি সামরিক বাহিনী নতুন করে সতর্কতা জারি করেছে।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে এই সতর্কতা জারি করা হয়। পরে সকাল ৭টা ৪২ মিনিটে সামরিক বাহিনী জানায় যে, এখন আশ্রয়কেন্দ্র ছেড়ে বের হওয়া নিরাপদ।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, মৃত সাগর, দিমোনা ও বীরশেবা এলাকাসহ দক্ষিণ ইসরাইলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক অভিযান চালানো হয়েছে।

চ্যানেল ১২ জানিয়েছে, জেরুজালেমের পশ্চিমে বেইত শেমেশ এবং বীরশেবার আশপাশের নেগেভ অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্রের অংশ পড়েছে। এ খবর পাওয়ার পর বেসামরিক প্রতিরক্ষা ও জরুরি কর্মীদের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।

ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সকালে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংস্থাটি আরো জানায়, অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ইতামার বসতির কাছে একটি রকেট পড়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই