ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার মেজর জেনারেল মহসেন রেজাই একটি বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, আলোচনায় তারা আন্তরিক, তবে ইরানের প্রতিরক্ষা ও যুদ্ধের ময়দানে তারা আরো বেশি মারমুখী।
তিনি স্পষ্ট করেন, আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রকে আগে বাস্তব ও কার্যকর পদক্ষেপ দেখাতে হবে।
মহসেন রেজাই বলেন, ডোনাল্ড ট্রাম্প এমন এক বিপর্যস্ত সময়ে চীন সফর করেছেন যখন যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই নাজুক। ইরানের সাথে যুদ্ধের উত্তেজনাই ট্রাম্পকে দুর্বল অবস্থানে ঠেলে দিয়েছে। ট্রাম্প দাবি করছেন, ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি না করে সে বিষয়ে চীন একমত। অথচ ইরান নিজেই বরাবর বলছে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না।
হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের দাবির জবাবে রেজাই বলেন, এই পানিপথ বাণিজ্যিকভাবে সবার জন্য খোলা, তবে কোনো সামরিক অভিযান বা যুদ্ধের জন্য নয়। চীন আসলে এটাই বোঝাতে চেয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, চীনকে মোকাবিলার লক্ষ্যেই তো যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক তৎপরতা চালাচ্ছে, তাহলে ইরান কেন তার খেসারত দেবে?
অর্থনৈতিক সমন্বয় বিষয়ক সর্বোচ্চ কাউন্সিলের এই সচিব জানান, চীনকে শুল্ক ছাড় দেয়া, ইরানের তেল কেনায় সম্মতি এবং তাইওয়ান ইস্যুতে নীরব থাকার মতো বড় বড় ছাড় দিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। কৌশলগত দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের বড় পরাজয়।
রেজাইয় বর্তমান যুক্তরাষ্ট্রের অবস্থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ব্রিটেনের পতনের যুগের সাথে তুলনা করেন। তিনি জানান, চীন ও রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, যেখানে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে এবং অচলাবস্থা থেকে বাঁচতে চীনের মুখোমুখি হয়েছে।
পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধে যুক্তরাষ্ট্রের জেদের পেছনে ট্রাম্পের দেউলিয়াত্ব দায়ী বলে তিনি উল্লেখ করেন। রেজাই বলেন, ট্রাম্প যুদ্ধ ও আলোচনা- উভয় ক্ষেত্রেই অচলাবস্থায় পড়েছেন।
আন্তর্জাতিক তদারকি থাকা সত্ত্বেও তারা ইরানের পরমাণু জ্ঞান ধ্বংস করতে চায়। হয়তো এরপর তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের দাবি তুলবে এবং বলবে তা না হলে পারমাণবিক হামলা চালানো হবে। আসলে তাদের মূল লক্ষ্য ইরানকে খণ্ডবিখণ্ড করা।
যুক্তরাষ্ট্রের ভেতরে ও আন্তর্জাতিক মহলে, এমনকি ন্যাটোর কাছেও ট্রাম্পের কোনো বৈধতা ও সমর্থন নেই উল্লেখ করে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র অতীতে বহুবার চুক্তি ভঙ্গ করেছে। পণবন্দি সঙ্কট থেকে শুরু করে সাম্প্রতিক আলোচনা- সবখানেই তারা প্রতিশ্রুতি ভঙ্গকরেছে।
সূত্র : তাসনিম নিউজ



